শেরপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের কয়েকজন সাক্ষীর খোঁজ-খবর নিতে শেরপুর গেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা এএসপি মো. আব্দুর রাজ্জাক।
শুক্রবার দুপুরে খোঁজ-খবর নিয়ে তিনি সদর থানার ইন্সপেক্টর মো. আকরাম হোসেন ও মো. মাজহারুল করিমসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকালে সঙ্গের দুই সফর সঙ্গীকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশে শেরপুর ত্যাগ করেন।
এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, বর্তমানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। শেরপুর শহরে কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী আছেন। তাদের শারীরিক অবস্থা দেখার জন্য শেরপুর আসা।
তিনি বলেন, সাক্ষীদের কয়েকজন একেবারে চলাফেরা করতে অক্ষম। বিষয়গুলো নিয়ে সদর থানার কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে। যারা শারীরিক অবস্থার কারণে ট্রাইব্যুনালে গিয়ে সাক্ষ্য দিতে যেতে অক্ষম তাদের ব্যাপারে ট্রাইব্যুনালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং ট্রাইব্যুনালকে অবহিত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫২ ঘ.
bdnews24