ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে দলটির নিবন্ধন বাতিলের দাবি তুলেছেন দেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
গত কয়েকদিনে পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের সংঘর্ষের প্রেক্ষাপটে শুক্রবার তিনি এক আলোচনা সভায় বলেন, “প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশের সংবিধানের পরিপন্থী কোনো রাজনৈতিক দলকে নিবন্ধিত করার সুযোগ নেই।
“তাই এদের নিবন্ধন দেয়া যায় কি না, তা বিবেচনার সময় এসেছে। আমি এ বিষয়ে ইসির দৃষ্টি আকর্ষণ করছি।”
জামায়াতের গঠনতন্ত্রের কিছু ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি।
বিদ্যমান আইন অনুযায়ী, কেবল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই নির্বাচনে অংশ নিতে পারে।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের গঠনতন্ত্রের কয়েকটি ধারা নিয়ে নির্বাচন কমিশনও আপত্তি তুলেছে এবং তা সংশোধন করতেও বলা হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই আলোচনাা সভায় ব্যারিস্টার আমীরের পাশাপাশি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও জামায়াতের সাম্প্রতিক তৎপরতার সমালোচনা করেন।
তিনি বলেন, “বিএনপির ইন্ধনেই জামায়াত এই নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। জামায়াত-বিএনপিকে আলাদা করে দেখার সুযোগ নেই। জামায়াত একা এই লঙ্কাকাণ্ড ঘটায়নি। এর পেছনে বিএনপির ইন্ধন রয়েছে।”
বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘নূর হোসেন দিবস উদযাপন, যুদ্ধাপরাধীদের বিচারে বাধা, জামায়াত-শিবিরের তাণ্ডব ও খালেদা জিয়ার দেশে বিদেশে ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আমীর ও কামরুল।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, আওয়ামী লীগের সাবেক মহানগর সভাপতি মোজাফফর হোসেন পল্টু, কৃষক লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৬৫১ ঘ.
bdnews24