ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও ঘরবাড়ি পরিদর্শনের জন্য ঢাকা থেকে রওনা দিয়ে চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শুক্রবার রাত ১২ টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে এসে পৌঁছালে মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, চট্টগ্রাম দক্ষিনের সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তরের সভাপতি গিয়াস কাদের চৌধুরীসহ জেলা নেতারা বিরোধী দলীয় নেতাকে অভ্যর্থনা জানান।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দলীয় নেতা শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে থাকবেন। পরদিন সকাল ১০টায় রামুর উদ্দেশ্যে রওনা হবেন তিনি।”
শনিবার রামুতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ বৌদ্ধ মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করবেন খালেদা। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় একটি পথসভা এবং রামুতে একটি সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।
শনিবার রাতে কক্সবাজার সার্কিট হাউজে রাত কাটিয়ে পরদিন সকালে উখিয়ায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও ঘরবাড়ি পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
এর আগে খালেদা জিয়া ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে রাত সাড়ে ৯ টায় ফেনীতে পৌনে এক ঘণ্টার জন্য যাত্রা বিরতি করেন। শুক্রবার বিকাল ৪টায় গুলশানের বাসা থেকে তিনি সড়কপথে রওনা হন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারাও বিরোধী দলীয় নেত্রীর সঙ্গী হয়েছেন।
ফেইসবুকে এক বৌদ্ধ যুবকের কোরআন অবমাননার অভিযোগ এনে ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বিহার ও বসতবাড়িতে হামলা হয়। এ সময় বেশ কয়েকটি বৌদ্ধ ও হিন্দু মন্দির পুড়িয়ে দেয়ার পাশাপাশি শতাধিক দোকান ও ঘরবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এরপর গত ১০ অক্টোবর ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আহবান জানান বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।
এর আগে বৌদ্ধদের ওপর এই সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা তদন্তে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করে বিএনপি। ঘটনাস্থল পরিদর্শন করে একটি প্রতিবেদনও প্রকাশ করে তারা।
ওই তদন্ত কমিটিতে মওদুদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সুকোমল বড়–য়া ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/এসইউ/১৭১৪ ঘ.
bdnews24