ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সফরকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হিনা রাব্বানি খার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
খালেদার প্রেস সচিব মারফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকাল পৌনে তিনটায় গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে তাদের মধ্যে সাক্ষাৎ হবে।
উন্নয়নশীল আট দেশের জোট ডি-এইটের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে শুক্রবার ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার।
আগামী ২২ নভেম্বর ইসলামাবাদে ডি-এইটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের এই সম্মেলন শুরুর কথা রয়েছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাকিস্তানের মন্ত্রী একদিনের সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯১১ ঘ.
bdnews24