মঈনুল হক চৌধুরী
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে আগ্রহ দেখতে পাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন, যা সরকারের অনাগ্রহে ঝুলে পড়ে বলে আগের কমিশনের অভিযোগ ছিল।
ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ হওয়ার আগে নির্বাচনের জন্য বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও বিফল হয়েছিল এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
এরপর বর্তমান কমিশন তফসিল ঘোষণা করলেও সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দিলে হাই কোর্ট নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেয়।
আদালতের বিষয়টি নিষ্পত্তির জন্য আলোচনা করতে বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে যান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সটিব আবু আলম মো. শহীদ খান।
সিইসি বিদেশে থাকায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক ও ইসি সচিব মোহাম্মদ সাদিকের সঙ্গে কথা বলেন তিনি। আইনি জটিলতার অবসানে তারা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
নির্বাচন কমিশনার মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নির্বাচনের জন্য সরকার তৎপর হয়েছে।”
সচিব শহীদ খান অবশ্য দাবি করেছেন, “এ নির্বাচন অনুষ্ঠানে সরকারের অনীহা রয়েছে- এমন অভিযোগ সঠিক নয়। ডিসিসি নির্বাচন অনুষ্ঠানে সরকার সবসময়ই আন্তরিক।”
প্রধান বিরোধী দল বিএনপি বরাবরই বলে আসছে, হারার শঙ্কা থেকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দিতে চাইছে না সরকার।
আইনি জটিলতা নিষ্পত্তিতে ইসি ও মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে আবদুল মোবারক ও শহীদ খান উভয় জানান।
ঢাকার নবগঠিত দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের ওপর আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত আদালতের স্থগিতাদেশ রয়েছে।
কমিশনার মোবারক বলেন, “আমাদের বক্তব্য না শুনে আদালত স্থগিতাদেশ দিয়েছে। এজন্য আমরা আপিল করেছি এবং জ্যেষ্ঠ আইনজীবী (এম আই ফারুকী) নিয়োগ দিয়েছি। স্থানীয় সরকার বিভাগকেও বলেছি তারা যেন অ্যাটর্নি জেনারেলকে মুভ করায়।”
সচিব শহীদ খান বলেন, “আইনি জটিলতা নিষ্পত্তিতে আমরা একসঙ্গে কাজ করব। ইতোমধ্যে আদালতের রুলের জবাব দিয়েছি। আদালতেও বিদ্যমান সীমানাতে নির্বাচন করার কথা জানাব।”
স্থানীয় সরকার বিভাগের অধীন সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও এই ক্ষেত্রে মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করতে হয় তাদের।
ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে ভাগ করার পর ওয়ার্ড সীমানা নিয়ে রিট আবেদনে আইনি জটিলতায় পড়ে এই নির্বাচন।
স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, বিদ্যমান সীমানাতেই ডিসিসির দুই ভাগে নির্বাচন সম্ভব।
ইসি সচিব সাদিক বলেন, আপিল নিষ্পত্তি হলেই দ্রুততম সময়ে নির্বাচনের প্রস্তুতি তাদের রয়েছে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত যদি নির্দেশ দেন, এক থেকে দেড় মাসের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে পারব।”
ইসি কর্মকর্তারা জানান, নতুন কোনো আইনি জটিলতা না থাকলে বিদ্যমান ভোটার তালিকাতেই নির্বাচন করতে হবে।
জানুয়ারিতে হালনাগাদ ভোটার তালিকার কাজ শেষ হবে। নতুন ভোটার তালিকা দিয়ে নির্বাচন করতে গেলে এপ্রিলের আগে ডিসিসির দুই ভাগে নির্বাচন সম্ভবপর হবে না।
২০০৭ সালে ঢাকা সিটি কর্পোরেশনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকদফা উদ্যোগ নিয়েও তা করতে পারেনি বিগত কমিশন, এজন্য সরকারের প্রতিও উষ্মা প্রকাশ করেন শামসুল হুদা।
এরপর গত নভেম্বর ঢাকা সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ নামে দুই ভাগ করা হয়। বিভক্তির পর গত ২৪ মে ভোটের তারিখ নির্ধারণ করে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসি তফসিল ঘোষণা করে। গত ১৬ এপ্রিল হাই কোর্টের স্থগিতাদেশ আসে।
এই স্থগিতাদেশের বিরুদ্ধের ইসির আপিলের শুনানি গত ১১ অক্টোবর হওয়ার কথা ছিল। নতুন শুনানির এখনো ঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২২৩০ ঘ.
bdnews24