২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্দলীয় সরকার এখন বিদেশিদেরও দাবি’

“নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হলে আওয়ামী লীগ সরকারের বিদায় হবে দুঃখজনকভাবে,” বলেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি আবার জানিয়ে সরকারকে হুঁশিয়ার করে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তা না হলে আওয়ামী লীগ সরকারের বিদায় হবে ‘দুঃখজনকভাবে’। মঙ্গলবার বিকালে এক জনসভায় ফখরুলের এই হুঁশিয়ারির পাশাপাশি দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সরকারকে একই বিষয়ে সতর্ক করেন বিএনপি নেতা মওদুদ আহমদও। নয়া পল্টনে জনসভায় ফখরুল বলেন, “দলীয় সরকারের অধীনে নির্বাচন এদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এখন শুধু দেশেই নয়, বিদেশেও দাবি উঠেছে- অবশ্যই বাংলাদেশে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে।” মওদুদ বলেন, “একদলীয় শাসন ’৭৫-এ সম্ভব হয়নি, এখনো সম্ভব হবে না। সুতরাং, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়।” দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে তিনি বলেন, এই ধরনের চেষ্টা হলে সেদিন জাতি হরতাল ‘পালন’ করবে। “সেদিন আওয়ামী লীগের প্রার্থীরাই নির্বাচনে অংশ নিতে পারবে না। কারণ তারা জনগণের রোষানলের ভয়ে পালিয়ে বেড়াবে।” বিএনপির ১৪৫ নেতা-কর্মী ‘গুম’ বিএনপি নেতাদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে মামলা-গ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। সরকারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে বিএনপি নেতা-কর্মীদের গুম করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। “আমাদের জাতীয় নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য সরকার পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে।” “কেবল তাই নয়, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যাতে কেউ কথা না বলতে পারে, সেজন্য বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেককে গুম করা ফেলা হয়েছে। ১৪৫ জন নেতা-কর্মীরা কোনো খোঁজ নেই।” আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপি নেতা বলেন, “সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। কেবল তাই নয়, বিচার ব্যবস্থাকে তারা (সরকার) ধ্বংস করে পকেটস্থ করে ফেলেছে।” প্রেসক্লাবের আলোচনা সভায় মওদুদ বলেন, “দেশের ৯০ শতাংশ মানুষ আওয়ামী লীগের পতন চায়।” ‘ ৭ নভেম্বর জেগে ওঠার দিন’ ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নয়া পল্টনে মঙ্গলবার জনসভা এবং প্রেসক্লাবের আলোচনা সভায় ফখরুল ও মওদুদ দিনটির গুরুত্ব তুলে ধরে। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে চলা ঘটনাপ্রবাহের এক পর্যায়ে গৃহবন্দি করা হয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। ৭ নভেম্বর বন্দিদশা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন জিয়া, রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে যিনি পরে বিএনপি প্রতিষ্ঠা করেন। ফখরুল বলেন, “এই দিনটি দেশের মানুষের জেগে ওঠার দিন। আধিপত্যবাদীদের ষড়যন্ত্রের হাত থেকে এদিন দেশ রক্ষা পেয়েছিল।” ৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের ‘টার্নিং পয়েন্ট’ উল্লেখ করে মওদুদ বলেন, “এই দিনে দেশের মানুষ জিয়াউর রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে সক্ষম হয়।” ফখরুল ছাড়াও নয়া পল্টনের সমাবেশে বক্তব্য রাখেন মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সেলিমা রহমান, ফজলুর রহমান পটল, আবদুস সালাম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান, সাইফুল আলম নিরব, শিরিন সুলতানা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচএ/এমআই/২০১০ ঘ.