২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর আইনজীবীদের ট্রাইব্যুনাল বর্জন

এক সাক্ষীকে ‘উঠিয়ে নিয়ে যাওয়ার’ কথা জানানোর পরও উপযুক্ত ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে সোমবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বর্জন করেছে দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 04:42 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সাক্ষীকে ‘উঠিয়ে নিয়ে যাওয়ার’ কথা জানানোর পরও উপযুক্ত ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বর্জন করেছে আসামিপক্ষের আইনজীবীরা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার শুনানি চলাকালে ওই অভিযোগ তুলে তারা বেরিয়ে যান। আদালতের কার্যক্রম শুরুর পর সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম বলেন, সকালে তারা ট্রাইব্যুনালে আসার সময় ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকায়। নিরাপত্তার স্বার্থে মিজানুল ইসলাম ছাড়া গাড়িতে থাকা অন্য সবাইকে হেঁটে যেতে বলা হয়। “তারা ভেতরে ঢোকার সময় সাদা পোশাকধারী কয়েকজন লোক সাক্ষী (সাঈদীর পক্ষের) সুখরঞ্জন বালীকে ধরে র‌্যাবের একটি গাড়িতে তোলে। এরপর তাকে আর পাওয়া যায়নি।” আইনজীবীর অভিযোগ শুনে বিচারক ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ও তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খানকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। এরপর ট্রাইব্যুনাল সাঈদীকে কথা বলতে দেয়াসহ কয়েকটি আবেদনের শুনানি করে, এর মধ্যেও দুই পক্ষের আইনজীবীদের তর্কবিতর্ক হয়। ট্রাইব্যুনালের আদেশে খোঁজ-খবর নিয়ে মধ্যাহ্ন বিরতির কিছু সময় আগে বেলা ১টার দিকে গোলাম আরিফ ট্রাইব্যুনালকে জানান, তিনি ফটকে উপস্থিত সব পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেছেন। কিন্তু ওই ধরনের কোনো ঘটনার কথা কেউ তাকে জানাতে পারেননি। আসামিপক্ষের আইনজীবীরা এ সময় প্রধান প্রসিকিউটরের বক্তব্যের প্রতিবাদ শুরু করলে আদালতে হট্টগোল বাঁধে। এক পর্যায়ে বিচারক বলেন, দুপুরে বিরতির পরে তিনি বিষয়টি শুনবেন। সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম তখনই বিষয়টি শোনার দাবি জানালে ট্রাইব্যুনাল তা খারিজ করে দেয়। পরে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তাজুল ইসলাম ও মিজানুল ইসলাম আদালতের বাইরে এসে সাংবাদিকদের বলেন, তারা এদিন আর আর ট্রাইব্যুনালে যাবেন না। মক্কেলের সঙ্গে পরামর্শ করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিএনপি নেতা মওদুদ আহমদ, জয়নুল আবেদীনও এদিন ট্রাইব্যুনালে ছিলেন। সাঈদীর বিরুদ্ধে মামলার দুই পক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সোমবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক ছিল। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হবে। বর্জনের আগে আসামি পক্ষের আইনজীবীরা সাঈদীকে কথা বলার সুযোগ দেয়ার আবেদন জানালে তা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, অভিযুক্ত করার দিন সাঈদীকে তার অভিযোগের বিষয়ে কথা বলতে দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের আইনে আর কথা বলার সুযোগ নেই। দুপুরে বিরতির পর সাঈদীর উপস্থিতিতে এবং আসামি পক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল কথা বলার ওই আবেদন খারিজ করে দেয়। তার আগে বিচারপতি নিজামুল হক প্রসিকিউটরকে তার যুক্তিতর্ক উপস্থাপন করতে বললে কাঠগড়ায় থাকা সাঈদী উঠে দাঁড়ান। এসময় হায়দার আলী শুরু করতে চাইলেও ট্রাইব্যুনাল সাঈদীকে কথা বলতে অনুমতি দেন। সাঈদী অভিযোগ করেন, “মিথ্যার পাহাড় গড়ে আমার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ সাজানো হয়েছে। প্রসিকিউশন যা পরিবেশন করেছে, তা শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা। এখানে শুধু এই মিথ্যা শুনে আমার চোখের মনি আমার বড় ছেলের মৃত্যু হয়েছে।” কারাবন্দি অবস্থায় ছেলের কয়েক মাস আগে মাকে হারানোর কথা জানিয়ে কথা বলার অনুমতি চান সাঈদী। ট্রাইব্যুনাল বলে, আইনে তার কথার বলার সুযোগ থাকলে তাকে দেয়া হবে, তা না হলে নয়। বিচারপতি নিজামুল হক বলেন, সাঈদীর পক্ষে কথা বলার জন্য তার আইনজীবীরা আছেন। তখন সাঈদী তার আইনজীবীদের অনুপস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, “আবেদন নিয়ে যুক্তিতর্ক চলার সময় আপনারা আমাকে এখানে হাজির করেননি।” তার আইনজীবীরা উপস্থিত নেই কেন- তা জানতে চাইলে বিচারপতি নিজামুল হক বলেন, “তা আপনার আইনজীবীদের কাছেই জিজ্ঞাসা করুন।” তখন সাঈদী বলে, “কীভাবে করব? আমি তো বন্দি।” এরপর ট্রাইব্যুনাল প্রসিকিউটরকে তার যুক্তিতর্ক উপস্থাপন করতে বললে সাঈদী বলেন, তার আইনজীবীরাই প্রসিকিউটরের কথার সঠিক জবাব দিতে পারবেন। “আমি আইনজীবী নই। আমাকে কারাগারে পাঠিয়ে তারপর আপনারা ও প্রসিকিউটর মিলে যা করার করুন।” ট্রাইব্যুনাল বলে, এ ধরনের বিবৃতি অনাকাক্সিক্ষত এবং তা বললেই ভালো হত। দিনের শেষভাগে হায়দার আলী আসামি সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে চারটি অভিযোগের বিষয়ে যুক্তি তুলে ধরেন। গত বছরের ১১ জুলাই সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ১৪ জুলাই ট্রাইব্যনাল তা আমলে নেয় এবং ৩ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই জামায়াত নেতার বিচার শুরু হয়। একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় সাঈদীর বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/এইচএএইচ/এমআই/২২৩৮ ঘ.