২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারতসফরে আ. লীগের দলীয় নির্বাচনস্বপ্ন ছাই’

বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়ার ভারত সফরের পর আওয়ামী লীগ আর দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, খালেদা জিয়ার ভারত সফরের পর আওয়ামী লীগ আর দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পারবে না। সোমবার এক আলোচনা সভায় বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, “খালেদা জিয়ার প্রতি ভারত যে আতিথেয়তা প্রদর্শন করেছে, তাতে আওয়ামী লীগ ঈর্ষাবোধ করছে।” “এখন তাই তারা নানা কথা বলছে।” মওদুদ বলেন, “আমরা মনে করি- তার (খালেদার) এই সফরের মধ্য দিয়ে আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিকল্পনা ধূলিস্যাৎ হয়ে গেছে।” অনির্বাচিত ব্যক্তিদের নিয়ের্ র্অন্তবতী সরকার গঠন সংবিধান সংশোধনের মাধ্যমে বন্ধ করা হলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, “আগেও বলেছি, এখনো বলছি, আগামী নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনেই। “তাই দলীয় সরকারের অধীনে এককভাবে নির্বাচন করার আওয়ামী লীগের স্বপ্ন কখনো সফল হবে না।” ভারত সরকারের আমন্ত্রণে সাত দিনের সফর শেষে গত ৩ নভেম্বর দেশে ফেরেন খালেদা জিয়া। সফর সফল বলেও দাবি করেন তিনি। সফরকালে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শিব শংকর মেনন ও লোকসভার বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন। জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর উদ্যোগে ‘৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ও মহানায়ক শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এই আলোচনা সভায় মওদুদ অভিযোগ করেন, বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধী মনোভাবের জন্য আওয়ামী লীগই দায়ী। তিনি বলেন, “এবার ভারত সিদ্ধান্ত নিয়েছে- কোনো বিশেষ দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে তারা সুসম্পর্ক গড়ে তুলবে। আমি মনে করি, এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত বর্তমানে বাস্তবমুখী নীতি গ্রহণ করেছে।” এই ‘সিদ্ধান্তের’ জন্য ভারতকে সাধুবাদ দেন মওদুদ। ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা (বিএনপি) প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের নানা অমীমাংসিত বিষয় আছে, তার সমাধান চাই।” তার মন্তব্য, “গত ৪ বছরে বর্তমান সরকার অমীমাংসিত কোনো বিষয়ের সমাধান দিতে পারেনি। এতো দাসত্ব করার পরও তারা তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি করতে পারেনি। অযোগ্যতা ও অদক্ষতার কারণে বর্তমান সরকার সারাবিশ্বে বন্ধুহীন হয়ে পড়েছে।” খালেদার ভারত সফরের কারণে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মন্তব্য করলেও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবিতে আন্দোলন চলবে বলে নেতাকর্মীদের জানান মওদুদ। “এই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের কৌশল হবে- সংঘাত এড়িয়ে আন্দোলনকে এগিয়ে নেয়া।” সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৪০ ঘ.