ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও চট্টগ্রামের আনোয়ারার সাংসদ আক্তারুজ্জামান চৌধুরী বাবুর মরদেহ দেশে এসেছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে তার লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। এসময় তার পরিবারের সদস্যসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন কিডনি রোগে ভুগে রোববার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান ৭১ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা।
আখতারুজ্জামানের মরদেহ বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগ নেতারা লাশ বিমান থেকে নামিয়ে ট্রলিতে ওঠান। পরে আওয়ামী লীগের দলীয় পতাকায় মুড়িয়ে দেয়া হয় কফিন। কিছুক্ষণের জন্য কফিন রাখা হয় বিমানবন্দরে।
আওয়ামী লীগের পক্ষ থেকে সংসদ উপনেতা ও দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী আক্তারুজ্জামানের কফিনে ফুল দেন। চট্টগ্রাম আওয়ামী লীগের পক্ষ থেকেও কফিনে ফুল দেয়া হয়।
চট্টগ্রাম থেকে তিন বার সাংসদ নির্বাচিত আক্তারুজ্জামান বাবু পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ১৯৭৭ সাল থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তিনি ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রামের আনোয়ারা-পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
আখতারুজ্জামান বাবু ছিলেন চট্টগ্রামের একজন নেতৃস্থানীয় শিল্প উদ্যোক্তা। তিনি আরামিট গ্র“প ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান ছিলেন।
বিমান বন্দরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ খন্দকার, বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মো. জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জাতীয় সংসদের হুইপ আব্দুস শহীদ ও আ স ম ফিরোজ, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংসদ মোশাররফ হোসেন, আবুল হাসনাত আব্দুল্লাহ, রহমত আলী ও আব্দুল মান্নান ছাড়াও আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এবং ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/আরএ/১৮৩৫ ঘ.
bdnews24