ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার সর্বশেষ সাক্ষীর জেরা শেষে ১১ নভেম্বর আসামি পক্ষের সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল।
রোববার অষ্টম দিনের মতো গোলাম আযমের যুদ্ধাপরাধের তদন্ত কর্মকর্তা ও সাক্ষী মতিউর রহমানকে জেরা করা হয়।
এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক সপ্তাহ সময় দিয়ে ১১ নভেম্বর থেকে আসামি পক্ষকে তাদের সাক্ষীদের হাজির করতে আদেশ দেয়।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের দেয়া আদেশে রোববার প্রথম অধিবেশনের মধ্যে জেরা শেষ করতে বলা হলেও তা শেষ না হওয়ায় আসামি পক্ষকে আরো এক অধিবেশন সময় দেয় আদালত। নিয়মিত সময়ের চেয়ে ৪৫ মিনিট বেশি সময় নিয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে জেরা শেষ হয়।
আসামি পক্ষের কৌঁসুলি মিজানুল ইসলাম আবেদন জানালে তিন বিচারকের মধ্যে আলোচনা শেষে ট্রাইব্যুনাল জেরার জন্য আরো সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
ট্রাইব্যুনালের চেয়রম্যান বিচারপতি নিজামুল হক মিজানুল ইসলামের উদ্দেশ্যে বলেন, “জেরা শেষ করতে আপনার আর কত সময় লাগবে?”
উত্তরে কৌঁসুলি বলেন, “জেরা ও মতামত দেয়া শেষ করতে আরো দেড় ঘণ্টা লাগবে। আমি এর আগেও শেষ করতে পারি।”
এর বিরোধিতা করে প্রসিকিউটর জেয়াদ আল মালুম উঠে দাঁড়ালে ট্রাইব্যুনাল তাকে থামিয়ে দেয়। পরে তিনি মেনে নেন যে, সময় দেয়ার ক্ষমতা ট্রাইব্যুনালের আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২২২২ ঘ.
bdnews24