২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত নয়, আওয়ামী লীগেরই ভারতপ্রীতি আছে’

ভারতের আওয়ামী লীগপ্রীতি নেই, আওয়ামী লীগেরই ভারতপ্রীতি আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আওয়ামী লীগপ্রীতি নেই, আওয়ামী লীগেরই ভারতপ্রীতি আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকালে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে মহানগর ১৮ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। আমীর খসরু বলেন, ভারত বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যে রাজকীয় মর্যাদা দিয়েছে তাতে আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। বেগম জিয়ার ভারত সফরের সময় হায়দ্রাবাদ হাউজ খুলে দেয়া হয়েছে, যা শুধু রাষ্ট্র প্রধানদের জন্য করা হয় বলেও উল্লেখ করেন তিনি। আমীর খসরু বলেন, “এতোদিনে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একতরফাভাবে ভারতপ্রীতি করেছে, ভারত আওয়ামী লীগকে প্রীতি করেনি।” কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী রেলের ভাড়া বৃদ্ধি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর জামায়াত ইসলামী নেতা অধ্যাপক আহসান উল্লাহ। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, জামায়াত ইসলামী নেতা শাহাজাহান চৌধুরী ও বিজেপি সভাপতি নুর মোহাম্মদ খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এএল/২২০২ ঘ.