ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ভারত সফরের সাফল্য ভিন্নখাতে প্রবাহিত করতে ‘কুচক্রি মহল’ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকালে এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “যখন আমাদের নেত্রী জনগণের স্বার্থে ভারত সফর করে বিদ্যমান সমস্যা সমাধানে চেষ্টা করছেন। তখন ক্ষমতাসীনরা বিভিন্ন কথা বলে একে অন্য দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে। আমরা এর নিন্দা জানাই।’’
জেল হত্যা দিবসে বনানীতে জাতীয় তিন নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে সৈয়দ আশরাফ বলেছিলেন, বিরোধী দলীয় নেতা নয়া দিল্লি সফরে ভারত সরকারকে যেসব কথা দিয়েছেন সময় হলে তা জানানো হবে।
এ প্রসঙ্গে ফখরুল বলেন, “ভারত সরকারের সঙ্গে বিরোধী দলীয় নেতার কী কথা হয়েছে তা আপনি কীভাবে জানলেন। আমরা তা জানতে চাই।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ১৮ দলীয় জোটের উদ্যোগে রেলওয়ের ভাড়া বৃদ্ধি ও কোম্পানি আইন সংশোধনে সরকারি উদ্যোগের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বৃষ্টির কারণে অনুষ্ঠানের কার্যক্রম সংক্ষিপ্ত করা হয়।
বিরোধী দলীয় নেতা গত ১৪ অক্টোবর গণচীন এবং ২৮ অক্টোবর ভারত সফর করেন।
দুই দেশ সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমাদের নেত্রী জনগণের স্বার্থে এই দুই দেশ সফর করেছেন। বাংলাদেশের সমস্যা তিনি তাদের কাছে তুলে ধরেছেন। তিনি দিল্লিতে গিয়ে অভিন্ন নদীর পানি বণ্টন, টিপাইমুখে বাঁধ নির্মাণ, সীমান্তে মানুষ হত্যা ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেছেন।”
বক্তৃতায় ফখরুল ১৮ দলীয় জোটের ঐক্য সুদৃঢ় আছে বলেও দাবি করেন।
তিনি বলেন, “আজকে কিছু কিছু পত্রিকায় তাদের [সরকারের] পছন্দসই তথাকথিত সাংবাদিকদের দিয়ে ১৮ দলীয় জোটের মধ্যে বিভক্তি হয়েছে বলে প্রতিবেদন লেখা লেখানো হচ্ছে। আমরা বলতে চাই- ১৮ দলীয় জোটের মধ্যে কোনো বিভেদ ও অনৈক্য নেই।”
মসিউর রহমানের ফের ছুটিতে যাওয়ার নিয়ে প্রশ্ন তুলে ফখরুল বলেন, “বিশ্ব ব্যাংককে সন্তুষ্ট করার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে পাঠানো হয়েছিল। এরপর তাকে একদিনের জন্য যোগদান করিয়ে কেন ফের ছুটিতে পাঠানো হলো?”
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আড়িপাতার যন্ত্র পাওয়া গেছে বলে সরকারের গোয়েন্দা বাহিনী গুজব ও কল্পকাহিনী ছড়িয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
“কোত্থেকে এই খবর তারা পেল, কীভাবে পেল? সরকার ইচ্ছাকৃতভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এই কৌশল নিয়েছে বলে আমরা মনে করি।”
রেলের ভাড়া বৃদ্ধি এবং কোম্পানি আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য মিয়া গোলাম পারওয়ার, ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ, ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ডেমোক্রেটি লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, জামায়াতে ইসলামী প্রচার সম্পাদক তাসনিম আলম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া প্রমুখ নেতারাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৮৫৬ ঘ.
bdnews24