ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক শর্তসাপেক্ষে পদ্মা সেতু প্রকল্পে ফেরার ঘোষণা দিলেও ‘এক দুইজন’ ব্যক্তির জন্য সরকার ‘বার বার পিছিয়ে আসছে’ বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় নাসিম বলেন, “কেন একজন দুইজন ব্যক্তির জন্য বারবার আমরা পিছিয়ে আসছি?”
কারো নাম প্রকাশ না করে সাবেক মন্ত্রী নাসিম বলেন, ‘ওইসব’ ব্যক্তি তাদের আচরণের মধ্য দিয়ে সরকারের সমালোচনার জন্য বিরোধীদলকেও একপ্রকার সুযোগ করে দিচ্ছে।
“যারা অপ্রয়োজনীয়, যাদের কথা এবং কাজের কারণে বারবার আমরা বিব্রত হই। তাদের হয় বাদ দিতে হবে, না হলে তাদের চলে যেতে হবে। এর কোনো বিকল্প নাই।”
বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগে পদ্মা প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে দিলেও সরকারের নানামুখী তৎপরতায় পরে সিদ্ধান্ত বদলায়।
প্রকল্পে ফেরার জন্য কয়েকটি শর্ত দেয় বিশ্ব ব্যাংক, যার মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমানকে ছুটিতে পাঠানোর কথাও বলা হয়।
এরপর গত ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, মসিউর রহমান ছুটিতে গেলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নের পথ সুগম হবে।
১৭ সেপ্টেম্বর মসিউর ছুটিতে যাওয়ার পরই বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফিরে আসার কথা জানায়।
গত ২০ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দিলে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, পদ্মা সেতুসহ অর্থ সংক্রান্ত সরকারি সব ধরনের কর্মকা- থেকে মসিউরকে বাদ দেয়া হয়েছে।
কিন্তু এর এক মাসের মাথায় ১ নভেম্বর কাজে যোগ দিয়ে মসিউর জানান, এক মাসের ছুটি শেষে কাজে ফিরেছেন তিনি।
কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আবার কাজে যোগ দেয়ায় শর্ত ভঙ্গ হয়েছে। এ কারণে অসন্তোষও প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।
তবে মসিউরের এক মাস ছুটিতে থাকা নিয়ে সরকারের পক্ষ থেকে কখনোই স্পষ্ট কোনো বক্তব্য আসেনি।
জাতীয় চার নেতা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য হওয়ায় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ছেলে নাসিম বলেন, “দ্রুততম সময়ে জেলহত্যার বিচার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সমগ্র জাতির আকাক্সক্ষা।”
আপিল নিস্পত্তি দ্রুত করার জন্য জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যদিও আমরা আশা করেছিলাম আরো আগে আপিল নিস্পত্তি শুরু হোক। তবু ডিসেম্বর মাসে যে শুনানি শুরু হবে তা যেন দ্রুত শেষ হয়।”
এই মামলাকে বার বার দিকভ্রান্ত করার জন্য বিগত বিএনপি ও এরশাদ সরকারকে দায়ী করেন তিনি।
‘চারনেতা হত্যার বিচার-বিরোধী দলের ষড়যন্ত্র’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন মুজিবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৭৩০ ঘ.
bdnews24