চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও চট্টগ্রামের আনোয়ারার সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু আর নেই।
দীর্ঘদিন কিডনি রোগে ভুগে রোববার ভোর সাড়ে ৪টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান ৭১ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা।
আখতারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী বোরহানউদ্দিন চৌধুরী মুরাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন প্রায় এক মাস ধরে।”
চট্টগ্রাম থেকে তিন বার সাংসদ নির্বাচিত আখতারুজ্জামান বাবু সংসদের পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন চট্টগ্রামের একজন নেতৃস্থানীয় শিল্পদ্যোক্তা। তিনি আরামিট গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান ছিলেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।
এই প্রবীণ নেতার মৃত্যুর খবর পৌঁছালে সকালে চট্টগ্রামে নেমে আসে শোকের ছায়া। ১৯৭৭ সাল থেকেই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
নেতাকর্মীদের অনেকেই বলেছেন, রাজনীতিতে আখতারুজ্জামান বাবু ছিলেন তাদের অভিভাবকের মতো।
আখতারুজ্জামান বাবু ১৯৪৫ সালের মে মাসে আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রামের আনোয়ারা-পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। পরে একই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বোরহানউদ্দিন মুরাদ জানান, এই আওয়ামী লীগ নেতা স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। পরিবারের সদস্যদের প্রায় সবাই এখন সিঙ্গাপুরে।
সোমবার বিকালে আখতারুজ্জামানের মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হবে। পরদিন সকালে সংসদ ভবন চত্বরে তার প্রথম জানাজা হবে। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা শেষে আখতারুজ্জামানের কফিন নিয়ে আসা হবে চট্টগ্রামে।
৭ নভেম্বর সকাল ১১টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে, দুপুর ১২টায় পশ্চিম পটিয়ার এজে চৌধুরী মাঠে, দুপুর ২টায় আনোয়ারা হাই স্কুল মাঠ এবং বিকালে আনোয়ারার হাইলধরে বশরুজ্জামান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আরো চারটি জানাজা হবে।
এরপর আখতারুজ্জামান বাবুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মুরাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৩৩০ ঘ.
bdnews24