নারায়ণগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার বিকেলে পাগলা নন্দলালপুর এলাকায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবীর মামুন ও থানা যুবদলের সভাপতি শহিদুল্লাহ টিটুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
এঘটনায় গুলিবিদ্ধ শাহ আলম, নূর ইসলাম, আল আমীন, মাসুম ও বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা সবাই টিটুর সমর্থক।
এঘটনায় অপর আহতদেরকে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বিকেলে নন্দলালপুর এলাকায় যুবদলের কেন্দ্রীয় কমিটির কারাবন্দি সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবের মুক্তি দাবিতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবীর মামুন গ্রুপ একটি সমাবেশের আয়োজন করে।
একই দাবিতে ওই স্থানের আধা কিলোমিটার দূরে ফতুল্লার নয়ামাটি এলাকায় থানা যুবদলের সভাপতি শহিদুল্লাহ টিটু গ্রুপ আরেকটি সমাবেশ করে।
সমাবেশ ও মিছিলের এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায় বলে জানায় পুলিশ।
ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল্লাহ টিটু দাবি করেন, বিকেলে তাদের একটি মিছিল নন্দলালপুর দিয়ে যাবার সময় মামুনের লোকজন মিছিলে গুলিবর্ষণ করে।
অপর দিকে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবীর মামুন দাবি করেন, দুপুরে টিটুর কর্মীরা মাইক্রোবাস ও মটরসাইকেল যোগে এসে তাদের সমাবেশে হামলা চালালে কর্মীরা তাদের ধাওয়া করে। এসময় টিটুর লোকজন গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন তিনি।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুলি বর্ষণের খবর তিনি শুনেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩০৯ ঘ.
bdnews24