২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজে বাঁচতে পদ্মা সেতু বাদ দিচ্ছে সরকার’

দুর্নীতির চিত্র প্রকাশ হওয়ার ‘ভয়ে’ সরকার বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণ থেকে সরে আসতে চাইছে বলে মনে করছেন মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির চিত্র প্রকাশের ‘ভয়ে’ সরকার পদ্মা সেতু প্রকল্প থেকে সরে আসতে চাইছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। পদ্মা সেতু নিয়ে জটিলতার মধ্যে চাপে থাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানের ছুটি থেকে ফেরা নিয়ে আলোচনার মধ্যে মওদুদ শনিবার এক আলোচনা সভায় বলেন, “পদ্মা সেতু যদি হয়, তাহলে সরকারের লাভ কী? কিন্তু পদ্মা সেতু করতে গিয়ে যদি প্রমাণিত হয় যে তারা দুর্নীতি করেছে, তাহলে বিশ্ব ব্যাংক এমনিতেই চলে যাবে। “সরকার দুর্নীতিবাজ প্রমাণিত হবে, তাই তারা যেভাবেই হোক, পদ্মা সেতু থেকে বেরিয়ে আসতে চাচ্ছে।” দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের পর সরকারের নানামুখী তৎপরতায় বহুজাতিক এই সংস্থা তাদের সিদ্ধান্ত বদলায়। তবে বিশ্ব ব্যাংকের শর্ত মেনে ছুটিতে যাওয়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান গত ১ নভেম্বর পুনরায় অফিস শুরু করলে তা নিয়ে নতুন কয়ে জটিলতা দেখা দিয়েছে বলে সংবাদপত্রের খবর। সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “বিশ্ব ব্যাংকে নিয়ে লুকোচুরি করার পরিণতি হবে ভয়াবহ, কারণ বিশ্ব ব্যাংকের আরো ৩৪টি প্রকল্প আছে। “সরকার যা করছে, তা অপরিপক্কতা; কারণ লুকোচুরি করলে বাকি প্রকল্পগুলোতে অর্থায়নে বিশ্ব ব্যাংক গড়িমসি করবে।” পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। তবে তাদের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। তিনি বলেন, “দুদক হচ্ছে বর্তমান সরকারের প্রিন্সিপাল এজেন্ট, তারা আবুল হোসেনকে দুর্নীতি করেনি এমন সার্টিফিকেট দিয়েছে, দুদক কি পারবে দুর্নীতি হলে বের করতে? সরকারও দুদককে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মওদুদ। জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রজন্ম একাডেমির উদ্যোগে ‘বিশ্ব ব্যাংক, পদ্মা সেতু, দুর্নীতি দমন কমিশন : একটি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/১৬২৪ ঘ.