২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফর শেষে ফিরেছেন খালেদা

নয়া দিল্লি ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, তার এই সফর সফল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহব্যাপী ভারতে সফর শেষে শনিবার বিকালে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিকাল ৩টা ১০ মিনিটে ভারতীয় জেট এয়ারওয়েজের বিমানে খালেদা জিয়া হজরত শাহজালাল বিমানবন্দরে নামলে বিএনপি নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। এর আগে নয়া দিল্লি ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, তার এই সফর সফল হয়েছে। শাহজালাল বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, ওসমান ফারুক, আবদুল মান্নান, আলতাফ হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান প্রমুখ। দলীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদা জিয়াকে করতালি দিয়ে অভিনন্দন জানান। ভারত সরকারের আমন্ত্রণে সাত দিনের সফরে গত ২৮ অক্টোবর খালেদা জিয়া নয়া দিল্লি যান। সফরের শেষ দিন শনিবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা। ঢাকায় রওনা হওয়ার আগে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, “অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। যে আন্তরিকতা ও আতিথেয়তা তা দেখিয়েছেন, তাতে আমি অভিভূত। এই সফর সফল হয়েছে বলে আমি মনে করি।” খালেদা জিয়া বলেন, “ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। আমি তাকে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছি। আমার বিশ্বাস, দুই দেশের আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হবে।” এই বৈঠকের বিষয়ে ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রণব মুখার্জি বাংলাদেশের উন্নয়নে বর্তমানে বিরোধীদলীয় নেতা এবং আগের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার ভূমিকার প্রশংসা করেন। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নয়া দিল্লি সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে ভারতের রাষ্ট্রপতি খালেদা জিয়াকে জানিয়েছেন। এই সম্পর্ক আরো গাঢ় করতে দুই দেশের কর্মকর্তারা কাজ করে যাবেন বলে আশা করেন তিনি। খালেদা জিয়াও বলেন, তার দল বিএনপি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী। সফরে ভারতের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতার সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেতা। তবে ক্ষমতাসীন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে তার বৈঠক হয়নি, যা তার এই সফরে ছায়া ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দেশে সাধারণ নির্বাচনের এক বছর আগে এই সফরে খালেদা জিয়া অতীত দূরে রেখে ভারতের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার ওপর জোর দেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, বিজেপি প্রধান নীতিন গডকারি, লোকসভায় বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন খালেদা। এসব বৈঠকে অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, সন্ত্রাসবাদ, বাণিজ্য সম্প্রসারণ, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো নিয়ে আলোচনা করেন তিনি। এই সফরে আজমীরে সুফি সাধক হজরত খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) মাজারও জিয়ারত করেন বিরোধীদলীয় নেতা। খালেদা জিয়া সর্বশেষ ২০০৬ সালে ভারত সফরে যান। সেবার তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে। বিরোধীদলীয় নেতা হিসেবে প্রতিবেশী দেশটিতে এটাই তার প্রথম সফর। এই সফরে খালেদার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানী, প্রেসসচিব মারুফ কামাল খান প্রমুখ। বিরোধীদলীয় নেতার এই সফরের সংবাদ জানাতে তার সঙ্গে ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.