লক্ষ্মীপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে সংঘর্ষে নিহত যুবদল নেতা অ্যাডভোকেট দিদারুল আলম হত্যায় জড়িতদের কেউ বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয় বলে দাবি করেছে দলটি।
শুক্রবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
তিনি বলেন, দিদার হত্যার ঘটনায় জড়িতরা কেউ বিএনপির সঙ্গে সম্পৃক্ত নয়। এরা বিএনপিকে ধ্বংস করার মিশনে মাঠে নেমেছে। তাদের কোনো দলীয় পদ-পদবী নেই। তারা এ ঘটনা থেকে ফায়দা লুটতে চায়।
এ সময় সেখানে দিদারুল আলমের স্ত্রী রেহানা আক্তার ও তার তিন সন্তান উপস্থিত ছিলেন।
বুধবার সদর উপজেলার বিজয়নগর কালীবাজারে বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সমর্থক ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়কারী আবদুল মজিদ সমর্থকদের মধ্যে সংঘর্ষে দিদারুল আলম নিহত হন।
বৃহস্পতিবার দিদারের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আবদুল মজিদ ও তার ভাই ইউপি সদস্য মনির হোসেনসহ ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২৫ জনকে আসামি করা হয়।
একই দিন মজিদের সমর্থক জহির হোসেন লক্ষ্মীপুর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে আরেকটি মামলা করেন। এ মামলায় জেলা বিএনপির সভাপতি ও লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়াসহ ১৪ জনকে আসামি করা হয়।
এখনো এ দুটি মামলায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক তার লিখিত বক্তব্যে মামলায় সাংসদ আবুল খায়ের ভূঁইয়াকে আসামি করায় নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হাসিবুর রহমান, হারুনুর রশিদ ব্যাপারী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৪১ ঘ.
bdnews24