ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা হতে পারে- এমন আশঙ্কায় জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর এক আলোচনা সভাস্থল থেকে ৩২ জনকে আটক করেছে পুলিশ। তাদের বাধায় পণ্ড হয়ে গেছে অনুষ্ঠান।
২০০৬ সালে ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে জামায়াত কর্মীদের সংঘর্ষের ঘটনায় নিহতদের স্মরণে শুক্রবার বিকাল ৩টায় জামায়াতের ইসলামীর পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ারসহ ১৮ দলীয় জোট নেতাদের বক্তব্য দেয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান উপলক্ষে দুপুরে জামায়াতের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে অন্তত ৩২ জনকে আটক করে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “নাশকতা সৃষ্টির আশঙ্কায় এদের আটক করা হয়েছে।”
“অতীতে এমন অনুষ্ঠানের নামে নাশকতা করা হয়েছে। এবারও এমন নাশকতার আশঙ্কা করা হয়েছে। তাই জনস্বার্থে ব্যবস্থা নেয়া হয়েছে।”
আটক ব্যক্তিদের মধ্যে আবদুর রউফ, মো সুলতান, আশরাফুল ইসলাম, সবুজ ভূঁইয়া, মিজানুর রহমান, মো. আজাদ, খোরশেদ আলম, আবু সাঈদ, মতিউর রহমান, মেজবাহ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. আরিফ. মো শমীম, গোলাম রহমান, মো. মাসুম, আমিনুল ইসলাম, মো. লোকমান ও আবুল হোসেনসহ ৩২ জন রয়েছেন।
এদের থানায় নিয়ে যাচাই-বাছাইয়ের পর ব্যবস্থা নেয়া হবে বলে উপ কমিশনার জানান।
এদিকে পুলিশের বাধায় অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার পর জামায়াত কর্মীরা বিকাল ৪টার দিকে মতিঝিলে বিক্ষোভ মিছিল বের করে।
ঢাকা মহানগর জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাধা দেয়ায় আবারো প্রামাণ হলো আওয়ামীলীগ ২০০৬ সালের ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।”
২০০৬ সালের ২৮ অক্টোবর চার দলীয় জোট সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে ১৪ দলীয় জোট লগি-বৈঠা নিয়ে মিছিল বের করলে পল্টন এলাকায় জামায়াতে ইসলামী কর্মীদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে জামায়াতের ছয়জনসহ মোট সাত জন নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৭৪৫ ঘ.
bdnews24