ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গুলশান কার্যালয় থেকে তথ্য পাচার করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবর ‘ভিত্তিহীন’ এবং ‘উদ্দ্যেশ্যমূলক’ বলে দাবি করেছে বিএনপি।
শুক্রবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই সরকারের ইন্ধনে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে।
শুক্রবার কয়েকটি জাতীয় দৈনিকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১০ অক্টোবর বিএনপির গুলশান কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজের কক্ষসহ কয়েকটি কক্ষের পর্দা, ফুলের টব, কার্পেটসহ বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে ১৭টি অডিও রেকর্ডার ও ভিডিও ক্যামেরা সম্বলিত কলম উদ্ধার করা হয়। পরে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে প্রমাণিত হয় যে এগুলো তথ্য পাচার করার যন্ত্র।
এসব যন্ত্রের মাধ্যমে বিএনপির রাজনীতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক ছক, সরকারবিরোধী আন্দোলনের কৌশলসহ কূটনৈতিক সম্পর্ক জোরদারে দলটির গোপন পরিকল্পনাগুলো ‘সরকারপক্ষ থেকে শুরু করে দেশি-বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা’র কাছে পৌঁছে যায় বলেও এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ খবরকে ‘কল্পকাহিনী’ আখ্যায়িত করে রিজভী বলেন, “গত ৪ বছরে এ ধরনের কোনো ঘটনার কথা শোনা না গেলেও এখনই কেন এ রকম কথা শোনা যাচ্ছে?”
তিনি বলেন, “সম্ú্রতি বিরোধীদলীয় নেত্রীর ভারত ও চীন সফরের সাফল্যে সরকার ঈর্ষান্বিত। বিরোধীদলীয় নেত্রীর সাফল্যে সরকারের মন্ত্রীদের মনে ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলছে। এ কারণেই এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে।”
বিএনপির গুলশান কার্যালয়ে দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা প্রবেশ করতে পারেন না- এমন তথ্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজভী বলেন, “দলের এ কার্যালয়ে দলীয় চেয়ারপারসনের নিরাপত্তার জন্য কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা বলতে কিংবা চেয়ারপাসনের সঙ্গে কথা বলতে দলের যে কোনো কর্মী সেখানে যেতে পারেন। কাউকে বাধা দেওয়া হয় না।”
“আমি নিজেও কখনো এখানে প্রবেশ করতে বাধা পাইনি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এইচএএইচ/১৫৪০ ঘ.
bdnews24