নারায়ণগঞ্জ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় যুবলীগ কর্মী মাসুম হত্যার ঘটনায় ১১ বছর পর মামলা করা হয়েছে।
শুক্রবার রাতে মাসুমের মা রহিমা বেগম বাদী হয়ে মামলাটি করার পর ফতুল্লার লালপুর এলাকার আবুল হোসেনের ছেলে সেলিম ওরফে বোল্ডার সেলিম (৩০) ও দাপা এলাকার হায়দার আলীর ছেলে ইয়াসিনকে (৩৩) গ্রেপ্তার করে পুলিশ।
জ্বালানি তেল ব্যবসায়ী মাসুম দোহার ফুলতলি এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিগত চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে মাসুম ঢাকার কেরানীগঞ্জ কান্দাপাড়া এলাকায় তার বোন পুতুলের বাড়িতে থাকতো।
২০১১ সালের ১০ অক্টোবর তার বোনের বাড়ি থেকে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় শ্বশুর বাড়িতে আসার পথে কতিপয় সন্ত্রাসী তার পথরোধ করে।
পরে তাকে মারধর করে ফতুল্লার দাপা বালুরঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার পর সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
পরে মাসুমের লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা।
ওসি আব্দুল মতিন আরো জানান, এতো দেরি করে মামলা দায়েরের কারণ হিসেবে পরিস্থিতি অনুকূলে না থাকা ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন বাদী।
মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। ওই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২০০ ঘ.
bdnews24