২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে ‘সুসম্পর্ক’ চায় বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভারত সফর দেশের জন্য সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে বলে মনে করেন বিএনপির নেতা মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2012, 10:50 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় মওদুদ বলেন, “বিএনপি সব সময়ই ভারতসহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক চায়। ভারতের গণমানুষের সঙ্গে বিএনপির কোনো বিভেদ নেই। বিরোধী দলীয় নেত্রীর এ সফর বাংলাদেশের জন্য সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে।” বাংলাদেশের মানুষের সঙ্গে ভারত সুসম্পর্ক চায় বলেই খালেদা জিয়াকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে বলে মনে করেন বিএনপি নেতা মওদুদ আহমেদ। “ভারতের রাজনৈতিক দল কংগ্রেস দীর্ঘ দিন ধরে বাংলাদেশের জনগণের ওপরে আস্থা না রেখে একটি বিশেষ রাজনৈতিক দলের ওপরে আস্থা রেখে আসছিল। বিরোধী দলীয় নেতার এ সফরের সাফল্যে প্রমাণিত হলো, ভারত বাংলাদেশের প্রতি তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করেছে।” ভারতের এ সিদ্ধান্তে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক রক্ষার পাশাপাশি দেশের স্বার্থ বজায় রেখেই কাজ করবে বিএনপি।” ভারতের সঙ্গে পানি বণ্টন, সমুদ্রসীমা ও স্থলসীমা নির্ণয় এবং সীমান্ত হত্যাসহ বেশকিছু অমীমাংসিত বিষয়ের উল্লেখ করে তিনি বলেন, “দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও বন্ধুত্ব দিয়েই এ সমস্ত বিষয়ে মীমাংসার উদ্যোগ নেয়া হবে।” ‘বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার চীন সফর: আওয়ামী লীগের অপপ্রচার’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে এ সফর নিয়ে মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “দেশের মন্ত্রী বাহাদুররা সুবুদ্ধির পরিচয় দিচ্ছেন না। তাদের সমালোচনাই বেগম জিয়ার সফরের সাফল্য প্রমাণ করছে।” “দীর্ঘদিন থেকে চলে আসা ভারতের প্রতি সরকারের নতজানু নীতি ধ্বংস হয়ে যাচ্ছে বলে সরকার নার্ভাস বোধ করছে।” সাত দিনের সফরে গত রোববার খালেদা জিয়া নয়া দিল্লি পৌঁছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিং ছাড়াও লোকসভার বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করেছেন তিনি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে বৈঠক করেন বিরোধী নেতা। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধীর সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। সফর শেষে ৩ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান। খালেদা জিয়া সর্বশেষ ২০০৬ সালে ভারত সফরে যান প্রধানমন্ত্রী হিসেবে। বিরোধীদলীয় নেতা হিসেবে প্রতিবেশী দেশটিতে এটাই তার প্রথম সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/এসইউ/১৬৩৬ ঘ.