২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

কুষ্টিয়া, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এই সংঘর্ষের সময় স্থানীয় এক বিএনপি নেতার বাড়ি ও বিএনপির কার্যালয়ও ভাংচুর হয়। খোকসা থানার ওসি হরেন্দ্রনাথ সরকার সাংবাদিকদের বলেন, দুপুর দেড়টার দিকে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাধব তার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বিএনপি নেতা আবুল কালামের ছেলের মোটর সাইকেল পেছন থেকে তাদের ধাক্কা দেয়। “এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মাধবকে মারধর করে বিএনপি নেতা কালাম। এ সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।” সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কালামের বাড়ি ভাংচুর করে। তারপর তারা উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর চালায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে জানিয়ে ওসি হরেন্দ্রনাথ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মাধবের স্ত্রী সবিতা রানী বাদী হয়ে কালাম ও তার দুই ছেলেসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২২২ ঘ.