সিরাজগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নির্বাহী সদস্য এবং সহযোগী সংগঠন তাঁতী দলের কেন্দ্রীয় সভাপতিসহ দলটির পাঁচ নেতা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মেছুয়া বাজারে এ ঘটনা ঘটে।
দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়া নেতারা হলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ হানিফ, তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী হুমায়ুন ইসলাম খান, জেলা বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র টি আর এম নুর-ই-আলম হেলাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফা জামান ও সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন।
মোহাম্মদ হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকজন দলীয় নেতাকর্মীকে নিয়ে তারা মেছুয়া বাজারের ব্যবসায়ী তারাজুল ইসলামের দোকানে বসে কথা বলছিলেন। এসময় তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিডিআর বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও যুবদলের প্রচার সম্পাদক সুমনের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে।
কী কারণে এ হামলা হয়েছে জানতে চাইলে হানিফ বলেন, “ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার লাগানো ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছি। হয়তো এ বিষয়টি দলের কেউ কেউ ভাল চোখে দেখেনি। তাদের মধ্য থেকেই কোনো নেতার ইন্ধনে এ হামলা হয়ে থাকতে পারে।”
তবে এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন মো. আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি কোনো দলীয় ঘটনা নয়, বিচ্ছিন্ন ঘটনা। ঘটনার সময় আমি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএইচ/২০৫৪ ঘ.
bdnews24