লক্ষ্মীপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদলের এক নেতা নিহত হওয়ার ঘটনায় খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মজিদসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত দিদারুল আলমের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে এ মামলা করেন বলে জানান সদর থানার ওসি গোলাম সারওয়ার জানান।
তিনি সাংবাদিকদের বলেন, মামলায় আব্দুল মজিদসহ স্থানীয় ২৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার উত্তর হামছাদী কালিবাজার এলাকায় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা সমন্বয়কারী মজিদের সমর্থকদের সঙ্গে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান দিদারুল আলম।
সংসদ সদস্য খায়ের সমর্থকদের ধারণা, আগামী নির্বাচনে প্রার্থী হতে চাইছেন মজিদ।
দিদার উত্তর হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এদিকে, সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আবুল খায়ের ভূইঁয়াসহ ১৪ জনকে আসামি করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাল্টা মামলা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মজিদের সমর্থক হিসেবে পরিচিত যুবদল নেতা জহির হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তা নথিভুক্ত করার নির্দেশ দেন বলে জানান পিপি জসীম উদ্দীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/২০০৬ ঘ.
bdnews24