২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন এককভাবেই, সিদ্ধান্ত জাপার

আগামী সাধারণ নির্বাচন এককভাবে করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি, যে কথা দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ আগে থেকে বলে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 01:11 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী সাধারণ নির্বাচন এককভাবে করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি, যে কথা দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ আগে থেকে বলে আসছেন। বৃহস্পতিবার জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সভায় এই সিদ্ধান্ত হয়েছে। দলের বনানী কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন এরশাদ। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী নির্বাচনে এককভাবে অংশ নেয়ার অংশ হিসেবেই আসন্ন টাঙ্গাইল-৩ উপনির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে।” আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বেশ কিছুদিন ধরে এককভাবে নির্বাচনের কথা বলে আসছেন। মহাসচিব বলেন, “সভায় দেশের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা দুটি দলের পরিবর্তে বিকল্প শক্তির উত্থান দেখতে চায়। জাতীয় পার্টিই হতে পারে সেই বিকল্প শক্তি।” এরশাদের একক নির্বাচনের ঘোষণার পর ঘাটাইলে অনুষ্ঠেয় সংসদ উপনির্বাচনেও জাতীয় পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের টাঙ্গাইল উপ-নির্বাচনে একযোগে কাজ করতে আহ্বান জানিয়েছেন এরশাদ। সভাপতিমণ্ডলীর সভায় ছিলেন রওশন এরশাদ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, মো. আবুল কাশেম, এম এ হান্নান, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, গোলাম কিবরিয়া টিপু, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। সিলেট কমিটি বিলুপ্ত জাতীয় পার্টির সিলেট জেলা ও মহানগর কমিটি ভেঙে দিয়েছেন দলের চেয়ারম্যান এরশাদ। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক এরশাদ এই সিদ্ধান্ত নিয়েছেন, অবিলম্বে তা কার্যকর হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় পার্টির সিলেট জেলা ও মহানগরের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮৫০ ঘ.