২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-মামুনের অর্থ পাচার মামলায় সপ্তম সাক্ষীর সাক্ষ্য

তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্য নিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তিন নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হোসাইন সাক্ষী রাজধানীর মুগদা থানার ওসি মো. মাসুদ করিমের জবানবন্দি ও জেরা গ্রহণ করেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ নভেম্বর দিন রাখেন বিচারক। এসময় মাসুদ করিম ছাড়াও আরো তিন সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন। এদিন আসামি পক্ষ সাক্ষ্যগ্রহণে মুলতবি আদেশের জন্য আবেদন করলেও তা নাকচ করেন বিচারক। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার ফকরুল ইসলাম আদালতকে বলেন, এই মামলায় বিচারকের এখতিয়ার চ্যালেঞ্জ করে গত ১৮ অক্টোবর করা আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে আসামিরা হাই কোর্টে যাবেন। হাই কোর্ট বন্ধ থাকায় আজকের সাক্ষ্যগ্রহণ মুলতবি রেখে আসামিদের হাই কোর্টে যাওয়ার জন্য তিন সপ্তাহের সময় দেয়া হোক। কিন্তু আবেদনের শুনানির পর তা নাকচ করে মাসুদ করিমের সাক্ষ্য নিয়ে বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ নভেম্বর দিন রাখেন। উপস্থিত অপর সাক্ষীদেরকে ওই দিন সাক্ষ্য দিতে আদালতে আসতে বলেন তিনি। এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্য দেওয়া ৬ সাক্ষী হলেন- মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেসটিগেশনের (এফবিআই) এজেন্ট ডেবরা লেপ্রোভেট, মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, মামলার নিবন্ধন কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি, পুলিশ পরিদর্শক হোসনে আরা বেগম, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন পরিদর্শক, বর্তমানে ধোবাউড়া থানার ওসি মীর আলীমুজ্জামান, গুলশান থানার সাবেক ওসি কামাল উদ্দিন ও নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারপারসন খাদিজা ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজলও উপস্থিত ছিলেন। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন মোহাম্মদ ইব্রাহিম। মামলার অভিযোগে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্র স্থাপনের কার্যাদেশ তারেক রহমানের মাধ্যমে পাইয়ে দেওয়ার কথা বলে মামুন খাদিজা ইসলামের কাছ থেকে ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে মোট ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা গ্রহণ করে তা সিংগাপুর পাচার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/১৭৪৫ ঘ.