২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমীরে বাংলাদেশের জন্য দোয়া খালেদার

আজমীরে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করে খালেদা জিয়া এ দোয়া করেছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব। জানাচ্ছেন বিরোধীদলীয় নেতার ভারত সফরের খবর জানাতে সঙ্গে থাকা সুমন মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 08:31 AM

Updated : 24 Aug 2022, 12:24 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জয়পুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজমীরে হজরত খাজা মঈনুদ্দিন চিশতির (রহ.) মাজার জিয়ারত করে বাংলাদেশ ও দেশবাসীর সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করেছেন ভারত সফররত খালেদা জিয়া। বিরোধী দলের নেতার প্রেস সচিব মারুফ কামাল খান এ তথ্য জানিয়েছেন। ভারত সফরের পঞ্চম দিনে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় জয়পুর থেকে সড়কপথে আজমীর পৌঁছে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধকের মাজার জিয়ারত করেন। জিয়ারতের পর মাজারে রাখা দশনার্থী খাতায় তিনি লিখেন, “আমরা বাংলাদেশ ও আমাদের জন্য আল্লাহর রহমত ও খাজা বাবার দোয়া চাই।” মাজার জিয়ারতের সময়ে খালেদা জিয়ার সফরসঙ্গি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানী, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। মাজার প্রাঙ্গণে এসে পৌঁছালে বিরোধী দলীয় নেতাকে অভ্যর্থনা জানান, আজমীর শরীফের প্রধান খাদেমসহ অন্যান্য খাদেমরা। বুধবার খালেদা জিয়া নয়া দিল্লি থেকে রাজস্থানের রাজধানী জয়পুর আসেন। তিনি জয়পুর রাম বাগ প্যালেসে রাত কাটান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সড়কপথে খালেদা জিয়া আজমীর রওনা হন। মাজার জিয়ারতের পর খালেদা জয়পুর রওনা হয়েছেন। ভারত সরকারের আমন্ত্রণে গত রোববার ৭ দিনের সফরে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নয়া দিল্লি আসেন। খালেদার এই সফরের সংবাদ জানাতে তার সঙ্গে রয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ। সফর শেষে খালেদা জিয়া আগামী ৩ নভেম্বর দেশে ফিরবেন বলে প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৪২৮ ঘ.