২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ স্থগিত

ফেনসিডিলসহ আটকের পর এক বিচারককে গণমাধ্যমের সামনে হাজিরের ঘটনায় পুলিশের রমনা জোনের উপ-কমিশনারসহ পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহারে নিম্ন আদালতের আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

ফেনসিডিলসহ আটকের পর এক বিচারককে গণমাধ্যমের সামনে হাজিরের ঘটনায় পুলিশের রমনা জোনের উপ-কমিশনারসহ পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহারে নিম্ন আদালতের আদেশ স্থগিত করেছে হাই কোর্ট।

বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমদের বেঞ্চ এই আদেশ দেয়।

গ্রেপ্তারের পর গণমাধ্যমে হাজির করা নিয়ে মঙ্গলবার জারি করা রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে।

আদালতে পুলিশ কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। আর সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

ওই পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশের উপ-কমিশনার (রমনা) সৈয়দ নুরুল ইসলাম, নিউ মার্কেট থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শফিকুল ইসলাম, জব্দ তালিকা প্রস্তুতকারী এসআই মো. নূর হোসেন, মামলা লিপিবদ্ধকারী মো. শাফিয়ার রহমান।

গত ১ ডিসেম্বর সন্ধ্যায় নীলক্ষেত এলাকা থেকে ব্যাগভর্তি ফেনসিডিলসহ নিউ মার্কেট এলাকা থেকে ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে সাংবাদিকদের সামনে আনা হয়, যেখানে তিনি যশোর থেকে এই ফেনসিডিল আনার কথা স্বীকার করেন। তিনি বলেন, এক ব্যক্তির অনুরোধে টাকার বিনিময়ে তিনি ওই ফেনসিডিল আরেকজনের কাছে পৌঁছে দিচ্ছিলেন।

এ ঘটনায় গত ৩ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতের এক আদেশে জাবেদ ইমামকে সাংবাদিকদের সামনে কথা বলতে ‘বাধ্য’ করার বিষয়ে পুলিশের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

ব্যাখ্যা ‘সন্তোষজনক’ না হওয়ায় ঢাকার মহানগর হাকিম এম এ সালাম গত ৬ ডিসেম্বর এক আদেশে ক্ষমতার অপব্যবহার ও আইন বহির্ভূত কর্মকাণ্ডের কারণে ওই পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে বিভাগীর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেন। একইসঙ্গে তাদের বদলি করারও আদেশ দেয়া হয়।

পরে শিক্ষানবিশ আইনজীবী আকিল-উজ-জামানের এক আবেদনে মঙ্গলবার হাই কোর্ট একটি রুল জারি করে। তাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে এবং গ্রেপ্তারদের গণমাধ্যমের সামনে হাজির করে বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

একইসঙ্গে গ্রেপ্তারকৃত বা সন্দেহভাজন হিসেবে আটক কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয় হাই কোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদনও চায় আদালত। 

বুধবার হাই কোর্টের আদেশের পর আইনজীবী রেজাউল করিম সাংবাদিকদের বলেন, “পুলিশের পক্ষ থেকে আদালতে আমরা একটি প্রতিবেদন দিয়ে বলেছি, গণমাধ্যমের সামনে আর হাজির করা হবে না। এ বিষয়টি পুলিশÑর‌্যাবসহ অন্যদের সকল দপ্তরে জানিয়ে দেয়া হয়েছে।”

“সেই সঙ্গে আমরা বলেছি, নিম্ন আদালতে বিচারাধীন বিষয়ে হাই কোর্ট রুল দিয়েছে। দুটি মামলাই একত্রে চললে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিু আদালতের মামলার কার্যক্রম স্থগিত থাকা প্রয়োজন। পরে আদালত স্থগিতাদেশ দেয়।”

“আদালত গত মঙ্গলবারের আদেশ একটু পরিবর্তন করে বলেছেন, গ্রেপ্তারের পর সাংবাদিকরা তথ্য ও ছবি সংগ্রহ করতে পারবে। তবে গ্রেপ্তারকৃতদেরকে এমনভাবে উপস্থাপন করা যাবে না, যাতে বিচারের পূর্বেই তাদেরকে আসামি মনে হয়।”