২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভয়ে’ বিশ্বজিতের স্বজনরা

বিরোধী দলের রাজপথ অবরোধের মধ্যে পিটুনি ও ছুরিকাঘাতে প্রাণ হারানো যুবক বিশ্বজিত দাসের পরিবারের মধ্যে ‘ভয়’ কাজ করছে, আর সেই জন্য তারা মামলাও করেননি বলে জানিয়েছেন তার ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 03:56 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

বিরোধী দলের রাজপথ অবরোধের মধ্যে পিটুনি ও ছুরিকাঘাতে প্রাণ হারানো যুবক বিশ্বজিত দাসের পরিবারের মধ্যে ‘ভয়’ কাজ করছে, আর সেই জন্য তারা মামলাও করেননি বলে জানিয়েছেন তার ভাই।

রোববার পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের কাছে অবরোধ সমর্থক ও বিরোধীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একদল কর্মীর হামলায় বিশ্বজিত মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

তবে এর দায় নিতে অস্বীকার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

বিশ্বজিত নিহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে সূত্রাপুর থানায় রোববার রাতে একটি মামলা করেছে। বাদি হয়েছেন সূত্রাপুর থানার উপপরিদর্শক জালাল উদ্দিন।

বিশ্বজিতের পরিবার কেন মামলা করেনি- জানতে চাইলে সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের ‘দেরি’ দেখে তারা মামলা করেছেন।

তবে শাঁখারীবাজারের বিশ্বজিতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ‘ভয়ে’ মামলা করেননি।

নিহতের বড় ভাই উত্তম কুমার দাস সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবা অনন্ত কুমার দাস ও মা কল্পনা রানী দাস তাকে মামলা করতে নিষেধ করেছেন।

“তারা এক ছেলেকে হারিয়েছেন, অন্য ছেলে ঢাকায় ব্যবসা করবে। তাই বাদি হতে তারা আমাকে নিষেধ করেছেন।”

কীসের ভয়- তা স্পষ্ট না করে তিনি বলেন, “আপনারা তো (সাংবাদিক) সবকিছু পরিস্কার করে দিয়েছেন, কারা আমার ভাইকে হত্যা করেছে।”

ভাই হত্যার বিচার চান কি না- জানতে চাইলে উত্তম বলেন, “আসামিদের ধরার দায়িত্ব সরকারের। সরকার ইচ্ছা করলেই তাদের ধরতে পারে।”

শরীয়তপুরের নড়িয়ার মসুড়া গ্রামের চিতায় রোববার রাতে বিশ্বজিতের মরদেহ দাহ করা হয়। দুই ভাই, এক বোনের মধ্যে বিশ্বজিত ছিল সবার ছোট।

পরিবারকে এড়িয়ে পুলিশের মামলার বিষয়ে যুক্তি দেখিয়ে সূত্রাপুর থানার ওসি নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “স্বজনরা লাশ নিয়ে গ্রামের বাড়ি গেছেন। তাই বিলম্ব হয়ে যাবে বলে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।”

বিশ্বজিতের ওপর হামলাকারী হিসেবে ছাত্রলীগের কয়েকজনের ছবি প্রকাশ পেলেও মামলায় আসামির তালিকায় কারো নাম উল্লেখ করেনি পুলিশ।

এ বিষয়ে ওসি নজরুল বলেন, “এতে আসামি ধরতে সুবিধা হবে। যে কাউকে সন্দেহের তালিকায় আনা যাবে।”

পত্রিকায় ও টেলিভিশনে যাদেরকে হামলায় অংশ নিতে দেখা গেছে, তাদেরকে পুলিশ চিহ্নিত করেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, সব কিছু তদন্তে বেরিয়ে আসবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিশ্বজিতকে যারা কুপিয়েছে বলে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সোমবারও তারা জগন্নাথ বিশ্ববিদ্যায়ের ক্যাম্পাসে ছিল।

এর মধ্যে শাকিল, সাইফুল, ইমদাদুল ও নাহিদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগকর্মীরন ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এস এম শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্বজিত হত্যাকাণ্ডে ছাত্রলীগ জড়িত নয়। যাদেরকে দেখা গেছে, তারা ছাত্রলীগের কেউ নন।”

তারা ছাত্রলীগে যুক্ত না থাকায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সুযোগ নেই বলে ছাত্রলীগ নেতা শরিফ বললেও বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী নাম প্রকাশ না করা শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তরুণদের ছাত্রলীগের কর্মসূচিতে হরহামেশাই দেখা যায়।

বিশ্বজিত নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন তার স্বজন ও প্রতিবেশীরা।

শাঁখারী বাজারে নিজের দোকানে যাওয়ার পথে হামলার শিকার হন বিশ্বজিত। হামলাস্থল থেকে তার দোকান ছিল মাত্র ৫০ গজ দূরে।

বিশ্বজিতের মৃত্যুর পর বিএনপি নেতারা তার মরদেহ দেখতে হাসপাতালে যান। তারা এই হত্যাকাণ্ডের নিন্দাও জানান।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিশ্বজিত হত্যাকারীদের তদেন্তর মাধ্যমে চিহ্নিত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।