২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগে গ্রেপ্তার ফখরুল

অবরোধে ‘বাধা’র প্রতিবাদে মঙ্গলবার ১৮ দলের ডাকে সকাল-সন্ধ্যা হরতালের আগের দিন গ্রেপ্তার হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 07:34 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথ অবরোধে ‘বাধা’র প্রতিবাদে হরতাল শুরুর ১২ ঘণ্টা আগে গ্রেপ্তার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অবরোধের গাড়ি ভাংচুরের একটি মামলায় সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের কর্মসূচি রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের।

ফখরুলকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে বলেও জানিয়েছে বিএনপি।

ফখরুলকে গ্রেপ্তারের প্রতিবাদে তার জেলা ঠাকুরগাঁওয়ে তাৎক্ষণিকভাবে লাগাতার হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ বিএনপিকর্মীরা গাড়ি ভাংচুর করেছে।

হরতালের আগের দিন ফখরুল গ্রেপ্তার হওয়ার পর ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে অন্তত সাতটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। তবে তা কারা লাগিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রোববার অবরোধের সময় ঢাকা সিটি কর্পোরেশনের একটি গাড়ি ভাংচুরের অভিযোগে ফখরুলসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

ফখরুলকে তুলে নেয়ার সময় তার সঙ্গে ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও ছিলেন। কিন্তু পুলিশ তাদের কিছু বলেনি।

ফখরুল বেলা ১২টা থেকে দলীয় কার্যালয়ে ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের বৈঠকে যোগ দিতে সন্ধ্যা সোয়া ৬টার দিকে দলীয় কার্যালয় থেকে নামেন তিনি।

সুমন মাহমুদ বলেন, “মির্জা ফখরুল নামার পর তাকে ঘিরে ফেলে সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য। এক পর্যায়ে তিনি বলেন, টাচ (স্পর্শ) করবেন না। কথা কাটাকাটির মধ্যে তাকে তুলে নেয়া হয় পাশে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে। এরপর দ্রুত তা এলাকা ত্যাগ করে।”

এর আগে গত ১৬ মে হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় ফখরুল কারাগারে যাওয়ায় পরদিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে যোগ দিতে পারেননি।

ফখরুলকে গ্রেপ্তারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভী দলের মুখপাত্রের মুক্তির দাবি জানান; না হলে লাগাতার কর্মসূচির হুমকিও দেন তারা।

রিজভী বলেন, “আমরা স্পষ্টভাবে সরকারকে বলতে চাই, ভারপ্রাপ্ত মহাসচিবকে অবিলম্বে মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। তাকে গ্রেপ্তার করে আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।”

আমান বলেন, “দ্রুত ভারপ্রাপ্ত মহাসচিবকে মুক্তি দিন, নইলে লাগাতার কর্মসূচি দেয়া হবে।”

মির্জা ফখরুলকে গ্রেপ্তার করার কারণ হরতালের কর্মসূচি বাধাগ্রস্ত করা বলেও মন্তব্য করেন তারা।

পরে খালেদা জিয়া এক বিবৃতিতে ফখরুলকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন। তিনি বলেন, দমন-পীড়নের মাধ্যমে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

রাতে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেকের সঙ্গে বৈঠকে ফখরুলের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে খালেদা জিয়া বলেন, সরকার সংলাপের পথ বন্ধ করে দিচ্ছে।

রোববার সহিংস অবরোধের পর গ্রেপ্তার হলেন ফখরুল। ওই অবরোধে সারা দেশে ব্যাপক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ হয়, মারাও যান অন্তত তিনজন।

এর মধ্যে পুরান ঢাকায় পিটুনি ও ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা উঠেছে। বিশ্বজিত দাস নামে ওই যুবকের ওপর হামলাকারীরা ছাত্রলীগের নেতা-কর্মী বলে অভিযোগ উঠেছে।

অবরোধের সময় ঢাকা সিটি কর্পোরেশনের একটি গাড়ি ভাংচুরের অভিযোগে রোববার রাতে ফখরুলের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা হয়।

মো. আয়নাল নামে সিটি কর্পোরেশনের এক গাড়িচালক মামলাটি দায়ের করেন। এতে ফখরুল ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মামলার প্রতিক্রিয়ায় দুপুরে ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, মামলা-হামলা করে নির্দলীয় সরকারের আন্দোলন বন্ধ করা যাবে না। বিএনপিকে দমানো যাবে না।

“আমাকেসহ নেতা-কর্র্মীদের বিরুদ্ধে একটি মামলা দেয়া হয়েছে। শুনেছি, আমাদের বিরুদ্ধে সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের গাড়িতে আগুন লাগানোর অভিযোগ আনা হয়েছে। গ্রাম্য মোড়লের মতো এই মিথ্যা মামলাটি করা হয়েছে। এটা আওয়ামী লীগের চিরাচরিত স্বভাব।”

মামলা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে গ্রেপ্তারের আগে দুপুরে বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “সরকার উদ্দেশ্যমূলকভাবে আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে মামলা করেছে। দেশের মানুষ জানেন, একজন জাতীয় নেতা বর্জ্য অপসারণের একটি গাড়িতে আগুন লাগাতে পারেন কি না?”

চলতি বছরের প্রথম ভাগে হরতালে গাড়ি পোড়ানোর আরেকটি মামলায় কারাগারে যেতে হয়েছিল ফখরুলকে। ওই মামলায় কিছু দিন কারাগারে থাকার পর জামিনে ছাড়া পান তিনি।

নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রোববার অবরোধ চলাকালে ঢাকা মহানগরে ১৬২ জনসহ সারা দেশে ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তথ্য। তাদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

হরতালের আগের দিন সোমবার ঢাকায় খিলগাঁও, গ্রিনরোড, ফার্মগেইট, নয়াবাজার ও মিরপুরে পাঁচটি গাড়িতে আগুন দেয়া হয়েছে। চট্টগ্রাম ও গাজীপুরেও আগুন দেয়া হয়েছে অন্তত দুটি বাসে।

ফখরুল গ্রেপ্তারের পর বিএনপি জোরদার আন্দোলনের হুমকি দিলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা মাহাবুব-উল আলম হানিফও বলেছেন, তারা সোমবার রাজপথে অবস্থান নেবেন।

হানিফের দাবি, যুদ্ধাপরাধীদের রক্ষায় হরতাল-অবরোধের কর্মসূচি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে বিএনপি-জামায়াত জোট।