অবরোধে ব্যাপক সংঘাত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি শেষ হয়েছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি শেষ হয়েছে।
নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার ভোর ৬টা থেকে আট ঘণ্টার এই অবরোধ চলাকালে সিরাজগঞ্জে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে নিজেদের কর্মী দাবি করেছে জামায়াতে ইসলামী। আর রাজধানীতে গণপিটুনিতে নিহত হয়েছেন এক পথচারী।
ঢাকার গাবতলী, মিরপুর, পান্থপথ, শাহবাগ, যাত্রাবাড়ী, পুরান ঢাকা, সাভারের আমিনবাজার, গাজীপুর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুরের খবর পাওয়া গেছে। এই কর্মসূচির কারণে রাজধানীর সঙ্গে অন্য বিভাগীয় শহরগুলোর সড়ক যোগাযোগ দুপুর পর্যন্ত কার্যত বন্ধ থাকে।
সকালে দূর পাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে না গেলেও ট্রেন ও লঞ্চ চলাচল অবরোধের আওতামুক্ত ছিল। নগরীতে গণ পরিবহন বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তি পোহাতে হয় অফিসমুখো যাত্রীদের। বেলা ২টায় অবরোধ কর্মসূচি শেষে বাস টার্মিনালগুলো থেকে দূর পাল্লার বাস ছেড়ে যেতে শুরু করে।
অবরোধে সংঘর্র্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় হরতালের আবহ সৃষ্টি হওয়ায় রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল বন্ধ। সকালের ভাগে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়েও উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম।
গাবতলীতে সংঘর্ষ চলাকালে পুলিশের রাবার বুলেটে আহত হন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম পল ও সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলম। তাদের রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান।
সংঘর্ষ চলাকালে ‘সরকার সমর্থকদের হামলায়’ ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও আহত হন বলে জানান তিনি।
মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, অবরোধ চলাকালে পুলিশের ওপর হামলা ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোট ৯৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেবল রাজধানীতেই শতাধিক গাড়িতে ভাংচুর চালায় বিরোধী দলের নেতাকর্মীরা। এর মধ্যে পোস্তগোলায় যমুনা পেট্রোলিয়ামের একটি তেলের ট্যাংকারসহ ১১টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়।
ঘন কুয়াশার মধ্যে অবরোধ কর্মসূচির শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ১৮ দলীয় জোটের কর্মীরা। ঢাকার পান্থপথ ও যাত্রাবাড়ী এবং সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পুলিশের গাড়ি অবরোধকারীদের হামলার শিকার হয়।
ভোর ৫টার দিকে মিরপুর ১ মোড়ের কাছে গার্মেন্ট কর্মীদের নিতে আসা একটি বাসে আগুন দেয়া হয়। সাড়ে ৬টার দিকে মিরপুর-২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে পুড়িয়ে দেয়া হয় আরেকটি বাস।
ফায়ার সাভির্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদউজ্জান জানান, অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভোর ৬টার পরপর রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের কাছে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পিকেটাররা পুলিশের একটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে অবরোধকারীরা বিভিন্ন গলিতে চলে যায়। প্রায় একই সময়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুরান ঢাকার জজ কোর্ট এলাকাতেও।
পৌনে ৭টার দিকে শাহবাগ পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই শিশুপার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। এ সময় ১০ জনকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।
সকাল ৭টার পরপরই জুরাইনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় অবরোধকারীরা। তারা সময় টেলিভিশনের একটি গাড়ির কাচও এ সময় ভাংচুর করে। পৌনে ৮টার দিকে পোস্তাগোলা সেতু সংলগ্ন সড়কে একটি তেলের ট্যাংকার এবং একই সময়ে গুলিস্থানে আরেকটি বাসে আগুন দেয়া হয়।
অবরোধকারীরা ভোর থেকেই গাবতলি, উত্তরা, যাত্রাবাড়ীসহ রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়। কয়েক স্থানে হাতবোমা বিস্ফোরণেরও খবর পাওয়া যায়। তবে এর মধ্যেও বিপুল সংখ্যক লোককে বিভিন্ন মোড়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে দেশের অন্যান্য এলাকা থেকেও।
তবে সারাদেশে ‘শান্তিপূর্ণ’ অবরোধ হয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের লোকেরা বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।
এ অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বিএনপি মুখপাত্রের ওই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
