২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সংঘর্ষে শিবিরকর্মী নিহত

হরতালের সমর্থনে সোমবার সন্ধ্যায় দিনাজপুরের রানীর বন্দরে জামায়াতের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে, ওই সংঘাতে নিহত হন এক শিবিরকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 07:59 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

হরতালের আগের দিন দিনাজপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী নিহত হয়েছে।

যুদ্ধাপরাধের অভিযোগে আটক শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

ওই হরতালের সমর্থনে সোমবার সন্ধ্যায় দিনাজপুরের রানীর বন্দরে জামায়াতের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে।

ওই সংঘর্ষে নিহত হন মুজাহিদুল ইসলাম মুজাহিদ (১৮) নামে ওই শিবিরকর্মী। মুজাহিদ উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমানের ছেলে।

চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলাম শিবিরকর্মী মুজাহিদের মৃত্যুর খবর নিশ্চিত করলেও কীসের আঘাতে তিনি মারা গেছেন, তা জানাতে পারেননি।

তবে জামায়াতের দিনাজপুর শহর শাখার আমির মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুজাহিদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন।”

সন্ধ্যায় আহত হওয়ার পর মুজাহিদকে প্রথমে রংপুর ইসলামী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানেই তিনি রাতে মারা যান।

ওসি তারিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় হরতালের সমর্থনে জামায়াত-শিবির মিছিল করে যানবাহন চলাচলে বাধা দেয়। এতে পুলিশ বাধা দিলে তারা ইট ছুড়তে থাকে।

“এ সময় পুলিশ ৭ রাউন্ড গুলি, ২১ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৮৭ রাউন্ড শট গানের গুলি ছোড়ে।”

পুলিশ ও জামায়াতের সংঘর্ষে চিরির বন্দর রণক্ষেত্রে রূপ নেয়, বন্ধ হয়ে যায় দোকানপাট। ওই সময় দিনাজপুর-রংপুর মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

দিনাজপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি।

তিনি আরো জানান, এই ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে।

তারা হলেন- আবুল কালাম, হাসান আলী, রফিকুল ইসলাম, রশিদুল ইসলাম, আসাদুল হক, ইসহাক আলী, তাহের আলী, সফিউল আলম ও পান দোকানদার ধীরেন চন্দ্র।

হরতালের সমর্থনে রাজধানীসহ বিভিন্ন স্থানে মিছিল করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াতকর্মীরা।

ঢাকার যাত্রাবাড়ীতে অন্তত ১৫টি গাড়ি ভাংচুর এবং দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা করে জামায়াতকর্মীরা, সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়া নয়া পল্টন এলাকায় মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হন জামায়াতের ২১ নেতা-কর্মী।

জামায়াতের ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম ভূইয়া এক বিবৃতিতে বলেছেন, ঢাকার ৩০টি স্থানে তাদের মিছিলে হামলা করেছে পুলিশ। এতে আহত হয়েছেন ১৫ জন।

এসব স্থান থেকে অন্তত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছেন মঞ্জুরুল।