‘বিজয়ের মাসে অবরোধ পরাজিত শক্তির প্রলাপ’
বিজয়ের মাস ডিসেম্বরে ১৮ দলের রাজপথ অবরোধের কর্মসূচিকে ‘পরাজিত শক্তির প্রলাপ’ আখ্যায়িত করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
বিজয়ের মাস ডিসেম্বরে ১৮ দলের রাজপথ অবরোধের কর্মসূচিকে ‘পরাজিত শক্তির প্রলাপ’ আখ্যায়িত করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, “বিজয়ের মাসে রাজপথে ব্যারিকেড দিয়ে তারা কি করতে চায়? যেখানে সারা জাতি আনন্দ করবে, সেখানে তারা অবরোধের কথা বলে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করছে।”
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের এই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
“আসলে তারা দেশকে পাকিস্তান বানানোর কথা এখনো ভুলতে পারেনি- যে কারণে তারা বিজয়ের আনন্দে অংশ নিতে চায় না,” বলেন নাসিম।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি সফল করতে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর (ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জ) নেতাদের সঙ্গে যৌথসভা শেষে নাসিম এ কথা বলেন।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এই সদস্য দলের বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
সাবেক এই স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “কোনো হুমকি ধামকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগের কাছ থেকে কোনো অসাংবিধানিক দাবি আদায় করা যাবে না। অর্ন্তবর্তী সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।”
বিএনপি ও জামায়াতকে ‘সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে’ প্রতিহত করারও আহবান জানান নাসিম।
আওয়ামী লীগের বিজয় দিবসের কর্মসূচি শুরু হবে ৩ ডিসেম্বর সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। সেদিনই বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় মঞ্চ থেকে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।
স্বেচ্ছাসেবক লীগ ১১ ডিসেম্বর, মুক্তিযোদ্ধা সংসদ ১৮ ডিসেম্বর, শ্রমিক লীগ ১৯ ডিসেম্বর, যুব মহিলা লীগ ২২ ডিসেম্বর, তাঁতী লীগ ২৮ ডিসেম্বর, মহিলা আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
