২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ হিসাবে শপথ নিলেন টাঙ্গাইলের রানা

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন আমানুর রহমান খান রানা, যিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 02:09 PM

Updated : 25 Apr 2022, 09:57 PM

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন আমানুর রহমান খান রানা, যিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে বিজয়ী হয়েছেন।

সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার আব্দুুল হামিদ তার কার্যালয়ে রানাকে শপথ বাক্য পড়ান। টাঙ্গাইল-৮ আসনের সাংসদ শওকত মোমিন খান শাহজাহানও এ সময় উপস্থিত ছিলেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলেও শপথের পর রানা সাংবাদিকদের বলেন, “আমি তো আওয়ামী লীগের ভোটেই নির্বাচিত হয়েছি।”

গত ১৮ নভেম্বর এ উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী শহীদুল ইসলাম লেবুর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পান রানা।

নির্বাচনের আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এক নির্বাচনী জনসভায় বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় টাঙ্গাইল আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রানাকে বহিষ্কার করা হচ্ছে।

তবে তেমন কিছু ঘটেনি দাবি করে শপথ নেয়ার পর রানা বলেন, “দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করিনি ঠিকই। তবে আওয়ামী লীগ থেকে তো আমাকে বহিষ্কার করেনি। বহিষ্কার করা হলে তো একটা কাগজ দিত।”

“আমি তো আওয়ামী লীগেই আছি”, যোগ করেন রানা।

এর আগে, গত মঙ্গলবার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন টাঙ্গাইল আওয়ামী লীগে প্রভাবশালী খান পরিবারের সদস্য রানা।

এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, “মা’র সঙ্গে সন্তানের দেখা হলে যে রকম হয়- তাই হয়েছে। শাসনও করেছে, আদর করেছে।”