২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রক্ষমতাকে তারা জমিদারি ভাবে: কামাল

বাংলাদেশের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তাদের আচরণকে জমিদারি-গোমস্তাগিরির সঙ্গে তুলনা করেছেন গণফোরাম নেতা কামাল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

বাংলাদেশের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তাদের আচরণকে জমিদারি-গোমস্তাগিরির সঙ্গে তুলনা করেছেন গণফোরাম নেতা কামাল হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “দলগুলো মনে করে রাষ্ট্রীয় ক্ষমতা একটা জমিদারি। তারা চায় আমরা প্রজা হিসাবে থাকি। কিন্তু আমরা আর প্রজা হিসাবে থাকব না।”

“যারা আমাদেরকে প্রজা করে রাখতে চায়, তাদের বলব, আমরা তোমাদের প্রজা হব না। জমিদার হিসাবে কেউ জনগণের সম্পত্তিতে ভাগ বসাতে পারবে না”, বলেন এই আইনজীবী।

সাউথ এশিয়ান লইয়ার্স ফোরামের আয়োজনে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহ্মেদ।

স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী কামাল হোসেন বলেন, “জেলা থানায় আজ যারা রাজনীতি করে, আমি তাদের মনে করি, এরা জমিদারের গোমস্তা। যারা সিন্ডিকেটের রাজনীতি করেন, এরা তাদের সেবা করেন।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর নির্বাচন অনুষ্ঠানের যে ব্যবস্থা বর্তমানে রয়েছে- তারও সমালোচনা করেন তিনি।

“আমরা সবাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। এর মানে কেবল জনগণ ভোট দিতে পারছে তা নয়, বরং কাকে কিসের ভিত্তিতে ভোট দিচ্ছে, সেটা জেনে ভোট দেওয়া। এভাবে ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচিত করার কথা। এখানে জনগণ থাকবে মালিক। কিন্তু বর্তমান ব্যবস্থায় জনগণ নিজেদেরকে মালিক ভাবতে পারে না।”

সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদাকে উদ্ধৃত করে তিনি বলেন, নির্বাচন কমিশন এককভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারে না।

“কোন দলীয় সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশন রাষ্ট্রের নিয়ন্ত্রণে নয়, দলীয় নিয়ন্ত্রণে থাকে।”

‘চেষ্টা করেও যারা জনগণের পক্ষে কাজ করতে পারে না’, তাদের কাছ থেকে সরে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান গণফোরাম সভাপতি।

তিনি বলেন, “যারা জনগণের বিপক্ষে যায়, তাদের থেকে আলাদা হয়ে বসুন। জনগণ হচ্ছে ক্ষমতার মালিক। জনগণের ক্ষমতা যেন জনগণের নিকটই থাকে- সে জন্য ঘরে ঘরে জনগণের কাছে যান।”

অন্যদের মধ্যে সাংবাদিক এবিএম মূসা, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হবিবুর রহমান আলোচনায় অংশ নেন।