বহিষ্কারাদেশ তুলে তাকিমকে ফিরিয়ে নিল ছাত্রলীগ
হামলায় আহত আখেরুজ্জামান তাকিমের বহিষ্কারাদেশ তুলে তাকে সংগঠনে ফিরিয়ে নিয়েছে ছাত্রলীগ।
হামলায় আহত আখেরুজ্জামান তাকিমের বহিষ্কারাদেশ তুলে তাকে সংগঠনে ফিরিয়ে নিয়েছে ছাত্রলীগ।
রাবি ছাত্রলীগের বহিষ্কৃত এই সহসভাপতি বর্তমানে জীবন-সঙ্কটে রয়েছেন। বুধবার রাতে ক্যাম্পাসে তার রগ কেটে দেয় দুর্বৃত্তরা। ছাত্রলীগ এজন্য দায়ী করেছে ইসলামী ছাত্রশিবিরকে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকিমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের তথ্য জানানো হয়।
সংগঠনের দুই পক্ষের দ্বন্দ্বে কর্মী আবদুল্লাহ আল হাসান সোহেল নিহত হওয়ার পর গত ১৬ জুলাই তাকিম বহিষ্কৃত হলেও এরপরও সাংগঠনিক কাজে তার সক্রিয়তা দেখা গেছে।
গত সেপ্টেম্বরে ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় তাকিমকে তৎপর দেখা যায়। অক্টোবরে শিবিরের সঙ্গে সংঘর্ষের সময়ও অস্ত্র হাতে দেখা গিয়েছিল তাকে।
তাকিমের পাশাপাশি সাবেক সভাপতি আওয়াল কবির জয়, সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর বহিষ্কারাদেশও তুলে নেয়া হয়েছে।
শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের যে সব নেতা-কর্মীদের ওপর বহিষ্কারাদেশ ছিল, আজ তা প্রত্যাহার করে নেয়া হল।”
অন্য যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে, তারা হলেন- রাবি সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন, বঙ্গবন্ধু হলের আহ্বায়ক শাহ মো. সেলিম, কর্মী তারিকুল ইসলাম, আল-আমীন, মাদার বখশ হলের আহ্বায়ক রুহুল আমিন বাবু।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তারা আগের পদে ফেরত যাবেন বলে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জানান।
সোহেল হত্যাকাণ্ডের পর তাকিম ও তুহিনকে গত ১৬ জুলাই বহিষ্কার করা হয়েছিল। এর আগে ২০১০ সালের ২৩ আগস্ট ছাত্রলীগকর্মী নাসিরুল্লাহ নাসিম হত্যাকাণ্ডের পর তৎকালীন ছাত্রলীগ সভাপতি জয় এবং সাধারণ সম্পাদক অপুকে বহিস্কার করা হয়।
বাকিদের বহিষ্কার করা হয় গত ১১ ফেব্রুয়ারি, সাংবাদিক নির্যাতন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিল ছাত্রলীগ।
