তোরণের পর তোরণ, সঙ্গে আলোকসজ্জাও
বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে তোরণ, বিলবোর্ড, ব্যানারে ঢাকা পড়েছে বরিশাল নগরী, যাতে স্থানীয় নেতাদের নিজেদের তুলে ধরার চেষ্টা দেখা গেছে।
খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র তোরণে তোরণে ঢেকে গেছে বরিশাল নগরী। এইসব তোরণে বিরোধী দলীয় নেতাকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন নেতার পক্ষে প্রচারের চেষ্টাও লক্ষ্যণীয়।
তোরণের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে স্থান পেয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতিও স্থাপন করা হয়েছে। বিভিন্ন মহল্লায় আলোকসজ্জার ব্যবস্থাও করেছেন বিএনপি নেতারা।
বিএনপি চেয়ারপারসন খালেদা রোববার রাতে সড়ক পথে বরিশাল পৌঁছেন। তিনি উঠেছেন সরকারি ডাক বাংলোয়। সোমবার বেলস পার্কে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
ডাক বাংলো থেকে বেলস্ পার্কের ব্যবধান মাত্র ৪০০ গজ, আর এই দূরত্বে মধ্যেই সড়কে প্রায় ঢাকা পড়েছে তোরণে। ছোট-বড় ৩২টি তোরণ দেখা গেছে এই পথসহ বেলস্ পার্কের আশপাশে। মহিলা ক্লাবের সামনে থেকে বেলস্ পার্কের পেছনের ফটক পর্যন্ত কয়েক হাতের ব্যবধানে পাঁচটি তোরণ দেখা যায়।
এত আয়োজনের বিষয়ে সমাবেশ আয়োজন কমিটির সমন্বয়ক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামনে নির্বাচনে নিশ্চিত বিজয় হবে বিএনপির, তাই এমন আনন্দের জোয়ারে ভাসছে নেতা, কর্মী, সমর্থকরা। যে কারণে এবার খালেদা জিয়ার সফরে এত আয়োজন, এত উৎসাহ, এত উদ্দীপনা।”
তোরণের পাশাপাশি বিলবোর্ড, ফেস্টুনও আছে অনেক। এসব বিলবোর্ডে খালেদা জিয়া, তারেকের পাশাপাশি বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ার, আহসান হাবীব কামাল, মেজবাহ উদ্দীন ফরহাদ এমপির ছবিও রয়েছে।
নগরীর বিবির পুকুর পাড় সাজানো হয়েছে, সন্ধ্যার পর দেখা গেল পাড়া ও মহল্লায় ব্যাপক আলোকসজ্জা।
প্রায় তিন বছর পর বরিশাল আসছেন খালেদা জিয়া। এর আগে কয়েক বার এলেও এই মাত্রার আয়োজন দেখেনি স্থানীয়রা।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আহসান হাবীব কামাল বলেন, “বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। সরকারের প্রতি অনাস্থা জানানোর জন্য খালেদা জিয়ার প্রত্যেক সমাবেশই জনস্রোতে পরিণত হচ্ছে। তারই প্রকাশ এই আয়োজনে।”
