‘জামায়াতের কর্মসূচিতে বিএনপিকে জড়ানোর সুযোগ নেই’
পুলিশের ওপর জামায়াতে ইসলামী কর্মীদের হামলা-ভাঙচুরের ঘটনায় ‘অন্য দলের’ জড়িত থাকার স্বরাষ্ট্র মন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
পুলিশের ওপর জামায়াতে ইসলামী কর্মীদের হামলা-ভাঙচুরের ঘটনায় ‘অন্য দলের’ জড়িত থাকার স্বরাষ্ট্র মন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলীয় জোটের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এ প্রতিক্রিয়ার কথা জানান।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর জামায়াতে ইসলামী কর্মীদের হামলা-ভাঙচুরের ঘটনায় ‘অন্য দলেরও’ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে বুধবার দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
তিনি সাংবাদিকদের বলেন, “হামলার সঙ্গে জড়িত জামায়াতের সঙ্গে যাদের গাঁটছড়া রয়েছে- তা কিসের? তাদের এ ঘটনার সঙ্গে কতিপয় রাজনৈতিক দলের জড়িত থাকার প্রমাণ আমাদের কাছে রয়েছে, আমরা এটা প্রত্যক্ষ করেছি।”
মন্ত্রীর এই অভিযোগের জবাবে মির্জা ফখরুল বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রীর এই অভিযোগ সর্বৈব মিথ্যা। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার জন্যই বিরোধী দলের ওপর সরকার সুকৌশলে এসব নির্যাতন চালাচ্ছে।
“জামায়াতে ইসলামীর কর্মসূচির দায় তাদের। এর জবাবদিহিতা তারাই করবে। এর সঙ্গে বিএনপিকে জড়ানোর কোনো সুযোগ নেই।’’
তিনি জানান, ২৮ নভেম্বর ঢাকায় ১৮ দলীয় জোটের জনসভা থেকে জোট নেত্রী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে রাত পৌনে ৯টা থেকে ১০টা পর্যন্ত খালেদা জিয়া জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ওপর সরকারের কথিত দমন-পীড়ন, চীন ও ভারত সফর, আন্দোলনের কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের এক ফাঁকে মির্জা ফখরুল সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
পুলিশের ওপর জামায়াত-শিবির নেতাকর্মীদের হামলার ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে এই বিএনপি নেতা বলেন, বিএনপি কোনো সহিংস কর্মসূচিতে বিশ্বাস করে না। জামায়াতের কর্মসূচির দায় তাদের।
“তবে আমরা মনে করি, জামায়াতে ইসলামী দেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। তাদেরকে সভা-সমাবেশ-মিছিল করতে না দেয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। সরকার সুকৌশলে তাদেরকে কর্মসূচি করতে না দিয়ে এরকম ঘটনা ঘটাতে বাধ্য করছে।’’
১৮ দলীয় জোটের ২৮ নভেম্বরের জনসভাকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ অভিহিত করে ফখরুল জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি তুলে ধরাই ওই জনসভার মূল উদ্দেশ্য।
জোটের বৈঠক সম্পর্কে তিনি জানান, বিরোধীদলীয় নেতার চীন ও ভারত সফরকে অভিনন্দন জানানো হয়েছে। ওই সফরের মধ্য দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্তের উন্মোচন এবং চীনের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমদ, জামায়াতে ইসলামীর মহানগর নায়েবে আমীর আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, ইসলামিক পার্টির আবদুল মবিন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ এর জেবেল রহমান গানি, মুসলিম লীগের এ এইচ এম কামারুজ্জামান খাঁন, ভাসানী ন্যাপ শেখ আনোয়ারুল হক, পিপলস লীগের গরীব নেওয়াজ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শেখ আবদুল মমিন, ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি উপস্থিত ছিলেন।
এছাড়া জোটের মহাসচিবদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিজেপি’র শামীম আল মামুন, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের অধ্যাপক আহমদ আবদুল কাদের, কল্যাণ পার্টির আবদুল মালেক চৌধুরী, জাগপা’র খন্দকার লুৎফর রহমান, এনপিপি’র ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি’র আলমগীর মজুমদার, বাংলাদেশ লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ ন্যাপ’র গোলাম মোস্তফা ভূইয়া, ন্যাপ ভাসানীর হাসরত খান ভাসানী, মুসলিম লীগের আতিকুল ইসলাম, ইসলামী পার্টির এম এ রশিদ প্রধান, জমিয়তে ওলামায়ে ইসলামের মুফতি মাওলানা ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন।
