২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুপ চেটিয়াকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু’

তবে কী প্রক্রিয়ায় আসামের এই বিদ্রোহী নেতাকে ভারতের কাছে হস্তান্তর করা হবে, তা স্পষ্ট করেননি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কারাগারে আটক আসামের বিদ্রোহী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) মহাপরিচালক ইউ কে বানসালের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। কী প্রক্রিয়ায় অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হবে- সে বিষয়ে বিস্তারিত কিছু না বলে মন্ত্রী বলেন, “অনুপ চেটিয়াকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আরোপিত শাস্তি শেষ হওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।” হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “তা বলতে পারেন।” গত ৩ অগাস্ট তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও বলেছিলেন, অনুপ চেটিয়াকে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া (গোলাপ বড়–য়া) বিদেশি মুদ্রা ও স্যাটেলাইট ফোনসহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিদেশি ও পাসপোর্ট আইনে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন। পরে আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেয়। সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও আইনি জটিলতার কারণে তিনি এখনো বাংলাদেশের কারাাগারে রয়েছেন। বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে আদালতে তার আবেদনেরও নিষ্পত্তি হয়নি। উলফার সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেয়ার পর দীর্ঘদিন থেকে অনুপ চেটিয়াকে ফেরত চাইছে ভারত সরকার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ফাঁসির আসামিদের মধ্যে ভারতে পালিয়ে থাকাদের ফেরত আনতেও সরকার সচেষ্ট বলে মহীউদ্দীন আলমগীর জানান। তিনি বলেন, “খুনিদের ফিরিয়ে আনার বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হয়েছে, ভারতে খুনিদের সনাক্ত হওয়া মাত্রই সে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। “ভারতের লোকসংখ্যা ১২৪ কোটি, তাই একটু সময় প্রয়োজন হবেই,” বলেন মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএসএফের প্রতিনিধি দলের সঙ্গে থাকা ঢাকায় দেশটির হাইকমিশনার পঙ্কজ শরণ সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর খুনিদের চিহ্নিত করে ফেরতের বিষয়ে তারা ‘সর্বোচ্চ’ চেষ্টা করছেন। দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছে বিএসএফ প্রতিনিধি দল। পাঁচ দিনব্যাপী সীমান্ত সম্মেলন বুধবারই শুরু হয়েছে। সীমান্ত সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখন থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রোধে যথাসম্ভব নি¤œতম পর্যায়ে অস্ত্র ব্যবহার করা হবে।” সীমান্তে হত্যার সংখ্যা ক্রমান্বয়ে শূন্যে নেমে আসবে বলেও আশা করেন তিনি। মন্ত্রী জানান, চোরাচালান কমিয়ে আনতে উভয় দেশের বাণিজ্যনীতি যথাযথ সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০৩৪ ঘ.