সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বালুমহাল নিয়ে শ্রমিক নেতা নাসির উদ্দিন ও তার শ্যালক শাকিল আহম্মেদ টিক্কা খুনের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রোববার সকালে সচেতন যুব সমাজ এই কর্মসূচি পালন করে। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে তারা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল কুমার দাস, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সোহরাব আলী সরকার প্রমুখ
মানববন্ধনে রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমিক-মালিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
স্মারকলিপিতে এ জোড়া খুনের ঘটনাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত করে অভিযুক্ত সাত্তার ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
এর আগে শহরের মালসাপাড়া চান্দালী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয়।
গত ২ সেপ্টেম্বর যমুনায় বালুমহাল নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাংলাদেশ শ্রমিক ফেড়ারেশনের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে। একই ঘটনায় গুরুতর আহত নাসির উদ্দিনের শ্যালক শাকিল আহম্মেদ টিক্কা পাঁচ দিন পর ঢাকায় মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২০ ঘ.
bdnews24