২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সফরের সংবাদ সংগ্রহে গিয়ে চরম ভোগান্তি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দিনাজপুর সফরের খবর সংগ্রহ করতে এসে তার বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে শনিবার রাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 10:04 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

বগুড়া, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দিনাজপুর সফরের খবর সংগ্রহ করতে এসে তার বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে শনিবার রাতে। ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে শনিবার রাতে বগুড়া সার্কিট হাউজে অবস্থান করেন খালেদা জিয়া। কিন্তু সফরসঙ্গী সাংবাদিকদের থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না সেখানে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে দলের মিডিয়া উইংয়ের সদস্যদের বাকবিতণ্ডাও ঘটে। অব্যবস্থাপনার কারণে অধিকাংশ সাংবাদিককে রাত কাটাতে হয় নিজ দায়িত্বে। বিএনপির আমন্ত্রণে বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থার অর্ধশতাধিক সংবাদ কর্মী খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে রয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া পৌঁছানোর পর খালেদা জিয়া সার্কিট হাউজে চলে যান। অন্যদিকে মিডিয়া উইংয়ের সদস্যরা সাংবাদিকদের নিয়ে যান শহরের অদূরে জাতীয় বঙ্গভাষা সাঁটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমীতে। সেখানে গিয়ে দেখা যায়, সাংবাদিকদের থাকার কোনো ব্যবস্থা নেই। প্রচণ্ড বৃষ্টি ও লোডশেডিংয়ের মধ্যে একাডেমীতে যাওয়ার পর সেখানে কোনো কর্মকর্তা-কর্মচারীকেও পাওয়া যায়নি। থাকার কোনো ব্যবস্থা না দেখে সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে উঠলে এক পর্যায়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্যরা জেলা নেতাদের ওপর দায় চাপিয়ে নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন। রাতে খবর পেয়ে একাডেমীর পরিচালক মাহবুবুর রহমান সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, তাদের থাকার কোনো বুকিং সেখানে দেয়া হয়নি। আর জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন বুকিং ছাড়া কাউকে এখানে রাখা যাবে না। বিএনপির জেলা সভাপতি সাইফুল ইসলাম (ভিপি সাইফুল) সাংবাদিকদের বলেন, “ঢাকা থেকে আসা সাংবাদিকদের খাওয়া-থাকার ব্যবস্থা করতে আমাকে একদিন আগে বলা হয়েছে। কিন্তু এত কম সময়ে আমার পক্ষে কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি।” ‘কেন্দ্রের অবহেলার কারণে’ এ রকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে সাংবাদিকরা রাত সাড়ে ১১টা পর্যন্ত একাডেমী প্রাঙ্গণে অবস্থান করলেও দলের কেন্দ্রীয় পর্যায় বা জেলার অন্য কোনো নেতা খোঁজ নিতে আসেননি। পরে সাংবাদিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের জেলা প্রতিনিধি বা পরিচিতজনের মাধ্যমে থাকা-খাওয়ার ব্যবস্থা করেন। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিষয়টি জানার পর রাতে জেলা নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি অব্যবস্থাপনার জন্য জেলা নেতাদের দায়ী করেন এবং সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন। প্রেস সচিবের তাৎক্ষণিক হস্তক্ষেপে রাত সাড়ে ১২ টায় একটি হোটেলে ২২ জন সাংবাদিকের থাকার ব্যবস্থা হয়। এদিকে মিডিয়া উইংয়ের সদস্যরা কিছু সাংবাদিককে নিয়ে গভীর রাতে দিনাজপুর চলে যান। ফলে রোববার সকালে খালেদা জিয়ার সফরসঙ্গী সাংবাদিকরা পরিবহন সংকটের মুখে পড়েন। নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে জনমত গড়ার প্রচারণায় খালেদা জিয়া বগুড়া থেকে দিনাজপুরের পথে রওনা হন রোববার বেলা ১২টার দিকে। বিকালে দিনাজপুরের গোরা শহীদ ময়দানে ১৮ দলীয় জোটের জনসভায় যোগ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬০১ ঘ.