২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের সঙ্গে সংঘর্ষ: ১৮৬ জনের বিরুদ্ধে মামলা

খেলাফত আন্দোলনের নায়েবে আমীর আহমেদুল্লাহ আশরাফ ও ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ নিজামীকেও এতে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ১২ ইসলামী দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় খেলাফত আন্দোলনের নায়েবে আমীর আহমেদুল্লাহ আশরাফ, ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ নেজামীসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাসুদ রানা শনিবার রাতে এ মামলা দায়ের করেন। ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। এ ঘটনায় শনিবার রাত পর্যন্ত গ্রেপ্তার ৭৭ জনের মধ্যে ৩৬ জনকে আটক রেখে বাকিদের রোববার ভোরে ছেড়ে দেয়া হয়। শাহবাগ থানার পরিদর্শক আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেআইনি সমাবেশ করে পুলিশ এর কাজে বাধাদান ও জখম করা, যানবাহন ভাংচুর ও অগ্নি সংযোগ, জনমনে ত্রাস সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর অভিযোগে দ্রুত বিচার আইনের দুটি ধারায় এ মামলা করা হয়েছে।” মামলার এজাহারে বলা হয়েছে, ইসলামী দলগুলো সমাবেশ করার ঘোষণা দিলে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ কমিশনার নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু শনিবার বেলা ১২টায় আহমেদুল্লাহ আশরাফ ও মাওলানা জাফরুল্লাহ খানের নেতৃত্বে দলগুলোর নেতাকর্মীরা পুলিশের ওপর জুতা, ইট পাটকেল নিক্ষেপ করে এবং সড়ক অবরোধের চেষ্টা চালায়। এতে সহকারী পুলিশ কমিশনার (রমনা পেট্রোল) উমানুয়েল ইসলাম, শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর মো. শহীদ আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়। এছাড়া বিক্ষোভকারীরা পুলিশের প্রিজন ভ্যানে আগুন দেয়ায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় বলা হয়। এ মামলার ৪ নম্বর আসামি খেলাফত আন্দোলনের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম শাহবাগ থানায় বসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবেশের জন্য স্থান না পেয়ে আমরা মোনাজাত করে ফিরছিলাম। এ সময় পুলিশ আমাদের গ্রেপ্তার করে।” তিনি দাবি করে, “আমরা কোনো ভাংচুর করিনি। ঘটনাস্থলে উপস্থিত অন্য সংগঠনের লোকজন এটা করতে পারে। আমরা এ ঘটনায় জড়িত নই।” যুক্তরাষ্ট্রে ‘ইসলামের জন্য অবমাননাকর’ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দল কর্মসূচি দিলে শুক্রবার বিকাল ৫টা থেকে রাজধানীর পল্টন ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। ওই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার সকাল সোয়া ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মুসলিম সংগঠনগুলো মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এর জেরে তাৎক্ষণিকভাবে রোববার সারাদেশে হরতালের ডাক দেয় দলগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএইচএ/জেকে/১৩০৯ ঘ.