ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নয় দিনের সফরে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাত সাড়ে ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে তিনি রওয়ানা দেন।
আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।
নিউইয়র্কের স্থানীয় সময় রোববার সকাল সোয়া ৮টায় জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
নিউইয়র্ক যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দু’ঘন্টার যাত্রাবিরতি করবেন। শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন মন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুর রউফ সর্দার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদালয়ের অধ্যাপক কামরুল হাসান খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সবুজবাগ থানা যুব মহিলা লীগের সভাপতি মাহফুজা রিনা, তেজগাঁও থানা যুব মহিলা লীগের সভাপতি শামীমা রহমান, কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ২৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে তার সঙ্গে রয়েছেন।
সফরকালে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলী হলে ‘আইনের শাসন বিষয়ক’ উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন। একই দিন তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সংবর্ধনায় যোগ দেবেন।
শেখ হাসিনা ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুনের অভ্যর্থনায় অংশ নেবেন। একই দিন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও শান্তি প্রতিষ্ঠা বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বর জলবায়ু ঝুঁকি মোকাবেলা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। একই দিন শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় অংশ নেবেন।
তিনি ২৭ সেপ্টেম্বর রুজভেল্ট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত অটিজম বিষয়ক বৈঠকে অংশ নেবেন। এছাড়া তিনি স্কেলিং আপ নিউট্রিশান (এসইউএন) বিষয়ক বৈঠকে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং ২ অক্টোবর তার ঢাকা ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/এএল/১৮৫৪ ঘ.
bdnews24