২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় ২ জনকে বরখাস্তের নির্দেশ মন্ত্রীর

মাওয়া ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিআইডব্লিউটিএ’র দুই শুল্ক আদায়কারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিআইডব্লিউটিএ’র দুই শুল্ক আদায়কারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এছাড়া দুই টোল আদায়কারীকে গ্রেপ্তারও করা হয় তার নির্দেশে। শুক্রবার সকালে মাওয়া ঘাট পরিদর্শনের সময় যাত্রীদের অভিযোগ পেয়ে মন্ত্রী এ ব্যবস্থা নেন বলে জানায় বিআইডব্লিউটিএ। বরখাস্তরা হলেন আব্দুল বাতেন ও মো. পারভেজ। গ্রেপ্তার হন আব্দুল রহিম খান (৩২) ও মো. ধলু হাওলাদার (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মন্ত্রী শাজাহান খান ঢাকা থেকে শরিয়তপুরের কাঁঠালবাড়ি যাওয়ার পথে মাওয়া ঘাট পরিদর্শন করেন। এ সময় কয়েকজন যাত্রী মন্ত্রীর কাছে অভিযোগ করেন, টোল আদায়কারীরা বিআইডবিউটিএ’র ২ টাকা ও জেলা পরিষদের ৩ টাকা মোট ৫ টাকার বদলে প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা আদায় করছে। তাৎক্ষণিকভাবে মন্ত্রী এর সত্যতা পান। মন্ত্রী মাওয়ার সহকারী বন্দর কর্মকর্তা বদরুল আলমকে ভর্ৎসনাও করেন। বন্দর কর্মকর্তা বদরুল আলম সাংবাদিকদের বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মন্ত্রীর নির্দেশে বিআইডব্লিউটিএর দুই শুল্ক আদায়কারীকে বরখাস্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে। মাওয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হাসান বলেন, গ্রেপ্তারের পর রহিম ও ধলুকে লৌহজং থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৩০ ঘ.