২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় ‘প্রত্যাখ্যান’ করে খালেদা জিয়া বলেছেন, এই রায়ের ভিত্তিতে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় ‘প্রত্যাখ্যান’ করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এই রায়ের ভিত্তিতে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের চার দিন পর বৃহস্পতিবার এই বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন। নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি পুনরায় তুলে ধরে সে দাবি আদায়ে আন্দোলন জোরদারের কথা বলেছেন খালেদা। নির্বাচনের সময় সংসদ না থাকার যে ইঙ্গিত প্রধানমন্ত্রী দিয়েছেন, তাও ‘বিভ্রান্ত’ করার কৌশল বলে মন্তব্য করেন তিনি। গুলশানে নিজের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ার পর সাংবাদিকদের কয়েকটি প্রশ্নেরও উত্তর দেন বিরোধীদলীয় নেতা। সংবাদ সম্মেলন শুরুর পর আট বার বিদ্যুৎ আসা-যাওয়া করায় তার টানা বক্তব্য বাধাগ্রস্ত হয়। সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়ায় খালেদা জিয়া বলেন, “আমরা ঘোষণা করছি, সাবেক প্রধান বিচারপতির ওই রায় নৈতিকতাবিরোধী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণ কখনোই তা গ্রহণ করবে না, এই রায়ের ভিত্তিতে আয়োজিত কোনো নির্বাচনেও তারা অংশ নেবে না।” ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে গত বছর রায় দেয় তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই রায়ের ভিত্তিতে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের এক বছরের বেশি সময় পর গত ১৬ সেপ্টেম্বর ৩৪২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। বিরোধী নেতা বলেন, “প্রধান বিচারপতি থাকাকালে তিনি (খায়রুল হক) প্রকাশ্য আদালতে যে সংক্ষিপ্ত ও বিভক্ত রায় ঘোষণা করেছিলেন, তার সঙ্গে অবসরে যাওয়ার ১৬ মাস পরে গত কয়েকদিন আগে প্রকাশিত রায়ের সুস্পষ্ট পার্থক্য অভূতপূর্ব এবং বিচারিক অসদাচারণ।” পূর্ণাঙ্গ রায়ের সঙ্গে সংক্ষিপ্ত রায়ের অমিল রয়েছে দাবি করে তিনি বলেন, “বর্তমান সরকার পঞ্চদশ সংশোধনীতে সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৯০ দিন আগে থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরুর বিধান রেখেছে। সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ রায়ে নির্বাচনের পূর্ববর্তী ৪২ দিনের উল্লেখ স্পষ্টতই সরকারি ইচ্ছার সঙ্গে সঙ্গতি রেখেই করা হয়েছে। “ক্ষমতাসীন সরকারের ইচ্ছা পূরণের জন্যই রায়ে এসব পরস্পরবিরোধী প্রস্তাব করা হয়েছে। বিচারের নামে দলীয়করণের এমন নিকৃষ্ট দৃষ্টান্ত পৃথিবীর কোনো আদালতে খুঁজে পাওয়া যাবে না।” সর্বোচ্চ আদালতের এই রায় দেশে রাজনৈতিক সঙ্কট ‘গভীর’ করবে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “এই রায়ের কারণে দেশে অনভিপ্রেত অস্থিরতা সৃষ্টি হবে এবং এতে রাজনৈতিক সঙ্কট আরো বৃদ্ধি পাবে।” রায়ে খায়রুল হকের স্বাক্ষরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। সংবাদ সম্মেলনে থাকা বিএনপির সহসভাপতি বিচারপতি টি এইচ খান বলেন, “অবসর নেয়ার পর তার কোনো শপথ থাকে না। এ ক্ষেত্রে অবসরের পর প্রধান বিচারপতি যখনই রায় দেন না কেন, ওই রায় দেয়ার ক্ষমতা তার নেই, তার নেই , তার নেই। তাই এই রায় অশুদ্ধ হিসেবে থাকবে।” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ হওয়ায় বিধান অনুযায়ী বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে। তবে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন বিএনপি হতে দেবে না বলে আবারো ঘোষণা দেন বিরোধী নেতা। তিনি বলেন, “সরকার যদি সংবিধান সংশোধনের বিল পাস না করে, তাহলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির উদ্দেশ্যপ্রণোদিত রায়ের কারণে চলমান আন্দোলনকে কেউ দুর্বল করতে পারবে না। “নির্দলীয় সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, জনগণ তা প্রতিহত করবে।” রাষ্ট্রপতি চাইলে নির্বাচনের আগে সংসদ ভেঙে ভেঙে দিতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী নেতা বলেন, “জনগণকে বিভ্রান্ত করার এটি প্রধানমন্ত্রীর আরেকটি অপচেষ্টা মাত্র। প্রকৃতপক্ষে তিনি সাজানো নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছেন।” লিখিত বক্তব্যের পর এক প্রশ্নের জবাবে খালেদা বলেন, “আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। নির্দলীয় সরকারের দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। দেশের মানুষ মনে করে, নির্দলীয় সরকার না হলে তারা ভোট দেয়ার সুযোগ পাবে না।” আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “আপনাদের (সাংবাদিক) কাছে কোনো সুস্পষ্ট সংবাদ আছে কি? আমাদের বক্তব্য স্পষ্ট, নির্দলীয় সরকার ছাড়া আমরা নির্বাচনে অংশ নেব না। ওই ধরনের নির্বাচন হতেও দেয়া হবে না।” তত্ত্বাবধায় সরকার প্রশ্নে সরকার ও বিরোধী দলের বিপরীত অবস্থানের কারণে আবার জরুরি অবস্থা জারির পথ তৈরি হচ্ছে কি না- প্রশ্ন করা হলে সরাসরি উত্তর এড়িয়ে খালেদা বলেন, “আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা মনে করি, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে দেশের মানুষ ভোট দেয়ার সুযোগ পাবে না।” সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, টি এইচ খান, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, মারুফ কামাল খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমআই/১৮১৮ ঘ.