ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তর পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন দাবি করে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিলেও একই ব্যক্তি জেরায় বললেন, তৎকালীন ছাত্রলীগের স্লোগান তার মনে নেই।
পঞ্চম সাক্ষী হিসাবে সাঈদীর পক্ষে দাঁড়ানো এই ব্যক্তির নাম খসরুল আলম।
গত রোববার তিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার দাবি করে বলেছিলেন, স্কুল ও কলেজ জীবনে ছাত্রলীগ কর্মী ছিলেন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে করেছেন।
মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য স্থাপিত প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের মজলিসে শুরার সদস্য সাঈদীর বিচার চলছে।
২০১১ সালের ৩ অক্টোবর তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, লুট ও অগ্নিসংযোগসহ যুদ্ধাপরাধের ২০টি অভিযোগ আনা হয়।
রোববার জেরায় প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সাক্ষী খসরুর কাছে কীভাবে ছাত্রলীগের সদস্য হয়েছিলেন তা জানতে চান। উত্তরে সাক্ষী কিছু কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, জ্যেষ্ঠ নেতাদের নির্দেশে তিনি মিছিলে অংশ নিয়েছিলেন।
কীভাবে ছাত্রলীগের সদস্য হয়েছিলেন- এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে তিনি বলেন, তিনি একটি ফরমে স্বাক্ষর করেছিলেন।
তবে প্রসিকিউটর দাবি করেন, তখন এরকম কোনো ফরম ছিল না।
এরপর প্রসিকিউটর জানতে চান, “ওই সময় ছাত্রলীগের সেøাগান কী ছিল?” এর জবাবে খসরুল বলেন, ছাত্রলীগকর্মীরা শিক্ষার্থীদের অধিকার ও সুবিধা আদায়ের বিষয়ে সোচ্চার ছিলেন।
এ প্রসঙ্গে প্রসিকিউটর বলেন, “ওগুলোতো দাবি। সেøাগান কী ছিল?”
তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক তাকে মনে করিয়ে দেন, “এখন ১৯৬২ বা ১৯৭১ সাল নয়। ওটা স্মরণ করার চেষ্টা করুন।”
এ সময় সাক্ষী জানান, ১৯৬৬ সালে তিনি নবম শ্রেণীর ছাত্র ছিলেন এবং তখন তিনি সামান্য একজন সমর্থক ছিলেন মাত্র। পরে কলেজে পড়ার সময় কর্মী হয়েছেন।
প্রসিকিউটর সাক্ষীর আরো কিছু উত্তর নাকচ করে দেন। পাশাপাশি সেøাগান মনে করতে পারছেন না বলে স্বীকার করার আগ পর্যন্ত তিনি বেশ কিছু প্রশ্ন করেন।
প্রসিকিউটর হায়দার আলী আদালতকে জানান, মুক্তিযুদ্ধের পরে পারেরহাটে একটি অস্ত্র মামলা এড়াতে সৌদি আরবে পালিয়ে গিয়েছিলেন খসরুল। তখন সাক্ষী উচ্চ শব্দে ‘নাউজুবিল্লাহ’ বলেন।
এরপর প্রসিকিউটর প্রমাণ করে দেন সাক্ষী ১৯৮৫ সাল থেকে ২০০৪ পর্যন্ত ২০ বছর তেলসমৃদ্ধ সৌদি আরবে ছিলেন। প্রসিকিউটর সাক্ষীর জবানবন্দির সত্যতা ও তার নির্ভরযোগ্যতা নিয়ে আরো প্রশ্ন করতে থাকেন।
হায়দার আলী বলেন, সাক্ষীর শ্বশুর পশ্চিমবঙ্গের হুগলি থেকে এসেছিলেন। তিনি বাংলা বলতে পারতেন না এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তবে এই পুরো বক্তব্যকে সাজানো বলে দাবি করেন খসরুল।
পরে প্রসিকিউটর ১৯৭১ সালে পারেরহাটে বা শংকরপাশা ইউনিয়নে কোন ধর্ষণের ঘটনা ঘটেনি বলে সাক্ষী যে সাক্ষ্য দিয়েছিলেন তা মিথ্যা বলে জানান। তবে তাৎক্ষণিকভাবে সাক্ষী তার বক্তব্য সত্যি বলে দাবি করেন।
জেরার পুরো সময় প্রসিকিউটরের প্রশ্নের ব্যাখ্যা করে সাক্ষীকে সহযোগিতা করেন সাঈদীর মামলার প্রধান পরিচালনাকারী মিজানুল ইসলাম। পাশপাশি তিনি সাক্ষীর উত্তর রেকর্ডের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করেন।
পঞ্চম সাক্ষীর জেরা শেষে সাঈদীর মামলা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এএল/১৯২৭ ঘ.
bdnews24