২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাতিল এক প্রার্থীর মনোনয়নপত্র নেয়ার নির্দেশ

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বজলুল হকের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বজলুল হকের করা একটি রিট আবেদন নিস্পত্তি করে মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হক এই আদেশ দেন। উপনির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বজলুল হক। মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ উল্লেখ করে গত ৫ সেপ্টেম্বর তা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র বাতিলের এ আদেশের বিরুদ্ধে আপিল করলে ১০ সেপ্টেম্বর আপিল আবেদনও খারিজ করে দেয় নির্বাচন কমিশন। পরে সোমবার নির্বাচন কমিশনের এ আদেশের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন বজলুল হক। বজলুল হকের কৌঁসুলি খুরশীদ আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাই কোর্টের এ আদেশের ফলে নির্বাচনে অংশগ্রহণে বজলুল হকের আর কোনো বাধা রইল না। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় গাজীপুর-৪ আসনে উপনির্বাচনে বর্তমানে তিনজন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি, স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খান ও সিপিবির প্রার্থী আসাদুল্লাহ বাদল। তাদের সঙ্গে এখন বজলুলও যোগ হচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমডি/এমআই/১৭০৪ ঘ.