২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘শিবিরের’ হামলায় আহত ৩ পুলিশ

চাঁদপুর সদরে সোমবার ছাত্র শিবির সমর্থকদের হামলায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদরে সোমবার ছাত্র শিবির সমর্থকদের হামলায় এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ হামলায় জড়িত সন্দেহে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আহত সদর মডেল থানার এসআই মাহফুজ আহমেদ সিদ্দিক (৩২), কনস্টেবল মো. মাসুদ রানা (২৪) ও মো. রেদওয়ান আহমেদকে (২০) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ বলেন, সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজের সামনে শিবিরকর্মীরা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে মিছিল করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে শিবিরকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়, বলেন তিনি। এ সময় পুলিশ শিবিরের চার কর্মীকে আটক করেছে। এরা হলেন জহিরুল ইসলাম (২৫), ইকবাল হোসেন (২৫), শাহাদাত হোসেন (১৮) ও শাহরিয়ার তানজিম (২০)। খবর পেয়ে পুলিশ সুপার মো. আমির জাফর ও মডেল থানার মাহাবুব মোর্শেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহতদের দেখতে সদর হাসপাতালে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.