২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ রায়ে ‘অমিল’ দেখছে বিএনপি

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ও বাতিল করে সুপ্রিম কোর্টের দেয়া সংক্ষিপ্ত রায়ের সঙ্গে পূর্ণাঙ্গ রায়ের মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 09:16 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ও বাতিল করে সুপ্রিম কোর্টের দেয়া সংক্ষিপ্ত রায়ের সঙ্গে পূর্ণাঙ্গ রায়ের মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। সোমবার সকালে রাজধানীতে এক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সাবেক প্রধান বিচারপতি ১৬ মাস আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংক্ষিপ্ত যে রায় দিয়েছিলেন তাতে প্রথম বলা ছিল- এয়োদশ সংশোধনী অবৈধ। “দ্বিতীয় অংশে বলা হয়, জাতীয় স্বাার্থে আরও দুটি নির্বাচন নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের অধীনে হতে পারে। তবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে থেকে ওই সরকারের প্রধান করার বিধান পরিবর্তন করতে হবে। কিন্তু পূর্ণাঙ্গ রায়ে এই বিষয়টির উল্লেখ নেই। তা হারিয়ে গেছে।” সংক্ষিপ্ত রায়ের সঙ্গে যে রোববারের পূর্ণাঙ্গ রায়ের মিল নেই- এ থেকেই তা ‘বোঝা যায়’ বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেন, “পূর্ণাঙ্গ রায়টি আইনের চোখে সচল কি না- এ নিয়ে প্রশ্ন রয়েছে।” প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে এয়োদশ সংশোধনী বাতিল ও অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে যেসব কথা বলছেন, তার সঙ্গে পূর্ণাঙ্গ রায়ের ‘যোগসূত্র’ রয়েছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। “এ থেকে বোঝা যায়, এই রায় সম্পর্কে দেশের সাধারণ মানুষ কিছু না জানলেও সরকার প্রধান আগে থেকেই জানতেন। তার বক্তব্যে এরই প্রতিধ্বনি হয়েছে।” তিনি বলেন, ওই রায়ে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব ৪৯ প্যারায় বলেছেন, জনগণের স্বার্থে আরও দুটি নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। কিন্তু ওই সরকারের প্রধান কে হবেন তা সংসদ বিবেচনা করবে। “কিন্তু পূর্ণাঙ্গ রায়ে সেই নন-পার্টি কেয়ার টেকার সরকারের কথা নেই। সংক্ষিপ্ত রায়ের সেই কথাগুলো কীভাবে হারিয়ে গেলো আমরা জানি না।” এছাড়া রায়ের ১৬ মাস পরে দেয়া পূর্ণাঙ্গ রায়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সই করা নিয়েও প্রশ্ন তোলেন রফিকুল। তিনি বলেন, “গত বছরের ৫ মে তৎকালীন প্রধান বিচারপতি এয়োদশ সংশোধনী বাতিলে একটি সংক্ষিপ্ত রায় দেন। ১৬ মাস পর তিনি প্রধান বিচারপতি হিসেবে পূর্ণাঙ্গ রায়ে সই করতে পারেন না। কারণ বর্তমানে প্রধান বিচারপতি হচ্ছেন- মো. মোজাম্মেল হোসেন। তাই পূর্ণাঙ্গ রায়টির কার্যকারিতা কিংবা সচল থাকা নিয়ে প্রশ্ন রয়েছে।” আইনজীবী রফিকুল দাবি করেন, “সুপ্রিম কোর্টের কোনো পূর্ণাঙ্গ রায়ে সিটিং প্রধান বিচারপতি ছাড়া অন্য কেউ সই করতে পারেন না। সেজন্য এয়োদশ সংশোধনী বাতিলের রায়টি সুপ্রিম কোর্টের রায় কি না তা নিয়েও প্রশ্ন থেকে যায়। ফলে রায়টির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।” রোববার রাতে ত্রয়োদশ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া ওই রায়ে স্বাক্ষর করেন রায় প্রদানকারী বিচারপতিরা। এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ৩৪২ পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ত্রয়োদশ সংশোধনী বাতিল করে গত বছর ওই রায় দেয়ার সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন তিনি। রায় প্রদানকারী বাকি ছয় বিচারপতির মধ্যে তিনজন তার সঙ্গে একমত পোষণ করেন। সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতের ভিত্তিতে ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগ। ওই রায়কে ভিত্তি ধরেই গত বছরের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে মহাজোট সরকার, যাতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সকালে প্রতীকী অনশনের উদ্বোধন করেন রফিকুল ইসলাম। সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে দুই ঘণ্টা এই অনশন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৫১০ ঘ.